সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণ থেকে পলাতক আসামি ফের গ্রেফতার

প্রকাশিত December 19, 2020
সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণ থেকে পলাতক আসামি ফের গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়া স্ত্রী হত্যা মামলার আসামি ইকবাল হোসেনকে সিলেট থেকে আবার গ্রেফতার করা হয়েছে।
শনিবার দুপুরে তাকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেলাল আহমদের আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ইকবাল হোসেন দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তেংগের গ্রামের রমজান আলীর ছেলে। পালিয়ে যাওয়ার ৯ দিন পর গত শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর থানার পুলিশ তাকে সিলেট মহানগরীর লালদিঘিরপাড় এলাকা থেকে গ্রেফতার করে।
সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আশেক সুজা মামুন জানান, ইকবাল হোসেনকে সিলেট থেকে গ্রেফতারের পর দুইটি মামলার আসামি হিসেবে তাকে আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর সকালে জেলা কারাগার থেকে আদালতে হাজিরায় আনা ইকবাল হোসেন আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যায়।
ইকবাল হোসেন ২০১৩ সালে একই উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া গ্রামের মনা মিয়ার মেয়ে মনোয়ারা বেগমকে বিয়ে করে; কিন্তু ২০১৭ সালের জুন মাসে স্ত্রীকে খুন করে মরদেহ জঙ্গলে লুকিয়ে রাখে বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠে। পুলিশ মনোয়ারা বেগমের গলিত মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় ঐ বছর ১৩ জুন মনোয়ারা বেগমের মা আমিনা বেগম বাদি হয়ে ইকবাল হোসেনকে আসামি করে দোয়ারাবাজার থানায় হত্যামামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।