পলি রায়, সুনামগঞ্জ : পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, সুনামগঞ্জে হাওরের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, আগাম বন্যা নিয়ন্ত্রণ ও নৌযান চলাচলের সুবিধার্থে সরকার দু’টি প্রকল্প হাতে নিয়েছে। একটি হলো নদী খনন, অপরটি কজওয়ে নির্মাণ। এ বছরের শেষদিকে প্রকল্প দু’টির কাজ শুরু হতে পারে। এখন সমীক্ষার কাজ চলছে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার খাই হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ১ হাজার ৫৪৭ কোটি টাকা ব্যয়ে ১৪টি নদী ও এগুলোর সঙ্গে সংযুক্ত খালগুলো খননের উদ্যোগ নেওয়া হয়েছে। সমীক্ষা প্রতিবেদন পাওয়া যাবে সেপ্টেম্বরের মধ্যে। এরপর একনেকে উপস্থাপন করা হবে।
তিনি বলেন, নদীপথ দিয়ে নৌ চলাচলের জন্য এবং ফসল কেটে কৃষক যাতে বাড়িতে নিয়ে যেতে পারে সেজন্য ৯০টি কজওয়ে থাকবে। শুষ্ক মৌসুমে কজওয়ের পয়েন্টগুলো জিও ব্যাগ দিয়ে বন্ধ রাখা হবে। খুলে দেওয়া হবে ফসল কাটা শেষ হলে। এই দুটি কাজ হলে আগামীতে আগাম বন্যা মোকাবেলা করা যাবে।
প্রতিমন্ত্রী বলেন, ২০১৭ সাল পর্যন্ত ঠিকাদারের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড নির্মিত বাঁধগুলো কাছে থেকে মাটি উঠিয়ে করা হয়েছিল। ফলে এখনও বাঁধগুলোর একপাশে গর্ত রয়ে গেছে। এই গর্তের কারণেই বাঁধ লিক করে ভেঙে যায়। আগামীতে নদী খননের মাটি দিয়ে বাঁধগুলোর ভেতরের দিকে নিচু জমি ভরাট করা হবে। বাঁধ চওড়াও করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন, সিলেট পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পূর্বাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী ও সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল হক।