বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জে শান্তি সমাবেশ থেকে আওয়ামী লীগ নেতারা বিএনপিকে নৈরাজ্যের পথ ছেড়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহবান জানিয়েছেন।
রবিবার, ২৯ অক্টোবর সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের রমিজ বিপণিতে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিমান কান্তি রায় ও ত্রাণ বিষয়ক সম্পাদক সবুজ কান্তি দাসের যৌথ সঞ্চালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাদের বখত, সহসভাপতি, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম সেফু, সাংগঠনিক সম্পাদক শংক দাস ও তাহিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন রিপন।
নেতৃবৃন্দ বলেন, মহাসমাবেশের নামে বিএনপি ঢাকায় প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে আক্রমণ করেছে, পুলিশ সদস্যকে হত্যা করেছে এবং পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ করেছে।