বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জে আপাতত বন্যার আশংকা নেই। পানি কমতে শুরু করেছে নদ-নদীতে। ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতও কমেছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, শনিবার, ১৯ জুন দুপুর পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অন্যদিকে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি হয় ১৬১ মিলিমিটার। ফলে ভাটির দিকে নদ-নদীতে পানি বাড়তে শুরু করে। তবে সোমবার থেকে কমতে শুরু করেছে। সর্বশেষ তথ্য অনুসারে, ষোলঘরে সুরমা নদীর পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। ছাতকে প্রবাহিত হচ্ছিল বিপদ সীমার ৫৪ সেন্টিমিটার নিচ দিয়ে। গত ২৪ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে বৃষ্টিপাত বাড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে।
এদিকে নদ-নদীর পানি বৃদ্ধির ফলে বিশ্বম্ভরপুর উপজেলার সত্যরকলার প্রধান সড়কের কিছু অংশ ডুবে গেছে। জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে তাহিরপুর উপজেলা সদরের। ফলে মানুষকে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো মামুন হাওলাদার জানান, আগামী কয়েকদিন সুনামগঞ্জে ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আপাতত বন্যার আশংকা নেই।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান, সুনামগঞ্জের জন্যে আপাতত বন্যার পূর্বাভাস নেই। তবু খাদ্যসামগ্রী মজুদ আছে এবং আশ্রম কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।