নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে গরু ও মহিষ সহ প্রায় এক কোটি ৮০ লাখ টাকার ভারতীয় ও বাংলাদেশী পণ্য আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোম ও মঙ্গলবার (১৪ ও ১৫ অক্টোবর/২৯ ও ৩০ আশ্বিন) বিজিবির টহলদল ভারতীয় ৩৬৯টি শাড়ি, ৭টি লেহেঙ্গা, ৪ হাজার ৯৯ পিস সানগ্লাস, ১৬ হাজার ৪০০ কেজি চিনি, ২ হাজার ৮৫০ কেজি আপেল, ৯টি মহিষ, ৪৩টি গরু ও ৯৮০ প্যাকেট বিড়ি এবং বাংলাদেশী ৮৮০ কেজি রসুন, ১টি ডিআই পিকআপ ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৭টি নৌকাসহ অন্যান্য মালামাল আটক করে।
এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৭৯ লাখ ৮০ হাজার ২৫০ টাকা বলে বিজিবি জানিয়েছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি জানান, আটককৃত চোরাচালানী মালামালগুলোর বিধি মোতাবেক ব্যবস্থা করা হবে।