সুনামগঞ্জ প্রতিনিধি : পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, সুনামগঞ্জে ফসলহানি নিয়ে গণমাধ্যমকর্মীরা দেশের মানুষকে আতংকিত করতেছেন : কিন্তু এটা ঠিক নয়।
তিনি গণমাধ্যমকর্মীদেরকে নিজেদের সংযত করার ও সঠিক তথ্য দেওয়ার পরামর্শ দিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেছেন, সময় মতো হাওর থেকে পানি নেমে যায়নি বলেই বাঁধের কাজ দেরিতে শুরু হয়েছে; কিন্তু সব জায়গায় দেরিতে হয়নি। বেশিরভাগ জায়গায় সময়মতো হয়েছে। সর্বমোট ৭২৭টি পিআইসির ভেতরে মাত্র ৩টি জায়গায় বাঁধ ভেঙেছে। সামগ্রিকভাবে দেখলে যতটা বলা হচ্ছে ক্ষতি ততটা হয়নি।
বুধবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এই বক্তব্য দেন।
প্রতিমন্ত্রী বলেন, সুনামগঞ্জে ৭২৭টি পিআইসির মাধ্যমে ফসল রক্ষাবাঁধ নির্মাণ করা হয়েছে। নিয়ম হলো, যে এলাকার ফসল সেই এলাকার মানুষকে প্রকল্প বাস্তবায়ন কমিটিতে রাখার; কিন্ত সব কৃষকের কাজ করার ক্ষমতা নেই। সবার আর্থিক অবস্থাও ভালো নয়। যারা দুর্বল সেখানেই কাজ ঠিকমতো হয় নি।
তিনি আরও বলেন, সুনামগঞ্জে ২ লাখ হেক্টরের বেশি জমিতে ফসল উৎপাদন হয়েছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ হাজার হেক্টর। তবু ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সহযোগিতার ব্যবস্থা করা হবে।
তিনি জানান, এই ক্ষতিতে সার্বিকভাবে দেশের খাদ্যশস্য মজুদের উপর কোনো প্রভাব পড়বে না। খাদ্য শস্যের দাম বাড়ারও কোনো সুযোগ নেই। ফুলিয়ে ফাপিয়ে খবর ছাপলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে চেষ্টা করবে।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো আবু সাঈদ ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল হক।