সুনামগঞ্জের দেখার হাওরে বোরো ধান কাটলেন কৃষিমন্ত্রী পরিকল্পনা মন্ত্রী ও পানি সম্পদ উপমন্ত্রী

প্রকাশিত April 19, 2023
সুনামগঞ্জের দেখার হাওরে বোরো ধান কাটলেন কৃষিমন্ত্রী পরিকল্পনা মন্ত্রী ও পানি সম্পদ উপমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে আনুষ্ঠানিকভাবে ভাটি এলাকার প্রধান সম্পদ বোরো ধান কাটা শুরু হলো। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো ধানকাটা উৎসব। কাস্তে হাতে ধান কাটলেন কৃষিমন্ত্রী ড আব্দুর রাজ্জাক, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। আশাবাদ ব্যক্ত করলেন, এবাব ভালয় ভালয় কৃষকরা সোনার ফসলে গোলা ভরতে পারবেন।
বুধবার, ১৯ এপ্রিল দুপুরে জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের দেখার হাওরে ধান কাটা উৎসব উপলক্ষ্যে কৃষক সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় কৃষিমন্ত্রী ড আব্দুর রাজ্জাক বলেন, কৃষকরা কঠোর পরিশ্রমে হাওরে চাষাবাদ করেন; কিন্তু প্রায় বছরই প্রাকৃতিক দুর্যোগ খরা, অতিবৃষ্টি ও আগাম বন্যার কারণে সোনার ধান ঘরে তোলা যায়না। এ বছর বোরোর বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে কাটা হয়ে গেছে ৩০ শতাংশ। এবার ধানের যে দাম নির্ধারণ করা হয়েছে তাতে কৃষকরা অনেক লাভবান হবেন।
বিশেষ অতিথি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, হাওরে আর কোন সড়ক নির্মাণ হবেনা। হবে উড়াল সড়ক। কারণ প্রকৃতির সঙ্গে লড়াই করে ফসল ঘরে তোলা সম্ভব নয়। তাই প্রকৃতির সঙ্গে সবকিছু মানিয়ে নিতে হবে।
তিনি জানান, গবেষণা করে ফসলের পূর্ণতার সময়টা ১২০ দিনের জায়গায় ১০০ দিন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, হাওরের ফসল যাতে প্রতিবছর নির্বিঘ্নে ঘরে তোলা যায় সে জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পদক্ষেপ গহ্রণ করছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো জাকির হোসেনের সঞ্চালনায় কৃষক সমাবেশে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডেভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল হাসান, কৃষি বিভাগের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার এহসান শাহ, কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, বিএডিসির চেয়ারম্যান কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর, সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন ও জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন।