সিসিক মেয়র ও পুলিশ কমিশনারের মতবিনিময় : সম্মিলিত প্রচেষ্টায় নগর সুন্দর রাখা সম্ভব

প্রকাশিত February 4, 2024
সিসিক মেয়র ও পুলিশ কমিশনারের মতবিনিময় : সম্মিলিত প্রচেষ্টায় নগর সুন্দর রাখা সম্ভব

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে সিলেট মহানগর পুলিশ-এসএমপি কমিশনার মো জাকির হোসেন খান মতবিনিময় করেছেন।
রবিবার, ৪ ফেব্রুয়ারি (২১ মাঘ) সকালে সিসিক সভাকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহানগরীর যানজট নিরসন, হকার ও সিএনজি চালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ এবং সিসি ক্যামেরা ও পুলিশ বক্স স্থাপন সহ জনগুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেটকে সুন্দর, স্মার্ট ও বাসযোগ্য একটি মহানগরী হিসেবে গড়ে তুলতে সবার আগে পরিষ্কার এবং যানজট ও হকারমুক্ত রাখতে হবে। যত্রতত্র গাড়ির স্ট্যান্ড রাখা যাবে না। এই বিষয়গুলো খেয়াল রেখে সম্মিলিত প্রচেষ্টা চালাতে নগর সুন্দর রাখা সম্ভব হবে।
তিনি আরও বলেন, সিলেট মহানগরীকে সুন্দর রাখা শুধু সিটি কর্পোরেশন কিংবা পুলিশ প্রশাসনের দায়িত্ব নয়-নাগরিকদেরও সচেতনতা বাড়াতে হবে, যাতে নিজের শহরকে নিজেরাই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মহানগর পুলিশ কমিশনার মো জাকির হোসেন খান, অতিরিক্ত কমিশনার জুবায়েদ আহমদ, মো মাসুদ রানা, সিসিক কাউন্সিলর এ কে এ লায়েক, তোফায়েল আহমদ শেপুল, মাজহারুল ইসলাম শাকিল, হিরন মাহমুদ নিপু ও জয়নাল আবেদীন।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, এসএমপির উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, উপ কমিশনার (দক্ষিণ) মো সুহেল রেজা, উপ কমিশনার (ট্রাফিক) মো মাহফুজুর রহমান, সহকারী কমিশনার (ট্রাফিক) গোলাম মোস্তফা, স্টাফ অফিসার মো জায়েদ হাসান, টিআই এডমিন (এসএমপি) ইফতেখার হোসেন মাসুদ, কোতয়ালি থানার ওসি (তদন্ত) সুমন কুমার চৌধুরী, সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কর্নেল (অব) একলিন আবেদীন, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, অংশুমান রাখু ও জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর। সংবাদ বিজ্ঞপ্তি