সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সিলেটের সংস্কৃতিকর্মীরা নিজস্ব উদ্যোগে স্বাধিকার, স্বাধীনতা এবং ভোট ও ভাতের অধিকার আদায়ের প্রতীক ’নৌকা’র পক্ষে প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার, ১৫ জুন দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু করে সংস্কৃতিকর্মীরা চৌহাট্টা, জিন্দাবাজার ও রিকাবীবাজার এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন।
তারা সিলেট মহানগরীর পরিকল্পিত উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে তাদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। এ সময় সকল শ্রেণিপেশার মানুষ তাদেরকে স্বাগত জানান এবং ‘নৌকা’র বিজয়ের উপর গুরুত্ব আরোপ করেন।
প্রচারণায় অংশ নেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের উপদেষ্টা হিমাংশু বিশ্বাস, নাজনীন হোসেন ও আল আজাদ, সভাপতি শামসুল আলম সেলিম, সহসভাপতি মোকাদ্দেস বাবুল, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত, সাধারণ সম্পাদক মোশতাক আহমদ এবং নাট্য ও সাংস্কৃতিক সংগঠক ডা নাজরা চৌধুরী, বিপ্লব শ্যাম পুরকায়স্থ সুমন, হুমায়ুন কবির জুয়েল, সিরাজ উদ্দিন শিরুল, আবিদ ফায়সাল, সাইমূম আনজুম ইভান, সুমন চৌধুরী, দুর্জয় পুরকায়স্থ, ধ্রুবজ্যোতি দে, নৃপেন্দ্র তালুকদার, এখলাছ আহমদ তন্ময় প্রমুখ।
আগামীকাল শুক্রবার, ১৬ জুন থেকে গৌতম চক্রবর্তী, রজত কান্তি গুপ্ত ও হুমায়ুন কবির জুয়েলের নেতৃত্বে সংস্কৃতিকর্মীদের তিনটি দল মহানগরীর বিভিন্ন এলাকায় প্রচারণা চালাবে। আরেকটি বিশেষ দলের নেতৃত্বে রয়েছেন আল আজাদ। শামসুল আলম সেলিম সমন্বয়ক হিসেবে প্রচার কাজের সার্বিক সমন্বয় সাধন করবেন।