সিসিক নির্বাচনে মেয়র পদে আ লীগের সম্ভাব্য প্রার্থী ১০ || প্রথমদিন মনোনয়নপত্র কিনলেন ৫ জন

প্রকাশিত April 9, 2023
সিসিক নির্বাচনে মেয়র পদে আ লীগের সম্ভাব্য প্রার্থী ১০ || প্রথমদিন মনোনয়নপত্র কিনলেন ৫ জন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন-সিসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রথমদিনে আওয়ামী লীগের পাঁচ জন দলীয় মনোনয়নপত্র কিনেছেন।
এই পাঁচ জনের মধ্যে চার জন হলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও সাংগঠনিক সম্পাদক ডা আরমান আহমদ শিপলু। এছাড়া যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীও মেয়র পদে দলীয় মনোনয়নপত্র কিনেছেন।
ক্রীড়া ব্যক্তিত্ব, দেশে-বিদেশে প্রতিষ্ঠিত ব্যবসায়ী সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম এবং দলীয় আরও চার জন আওয়ামী লীগের মনোনয়নপত্র নির্ধারিত সময়ের মধ্যে যেকোন দিন কিনতে পারেন।
মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা নিজে বা প্রতিনিধির মাধ্যমে রবিবার, ৯ এপ্রিল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের উপদপ্তর সম্পাদক সায়েম খানের নিকট থেকে মনোনয়নপত্র কিনেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী ও ডা আরমান আহমদ শিপলু নিজেই মনোনয়ান ফরম সংগ্রহ করেছেন। এছাড়া আসাদ উদ্দিন আহমদের পক্ষ থেকে মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, অধ্যাপক মো জাকির হোসেনের পক্ষ থেকে মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গোলাম সোবহান চৌধুরী দিপন এবং আজাদুর রহমান আজাদের পক্ষ থেকে জেলা ছাত্রলীগ নেতা সালমান আহমদ ও প্রমথ রঞ্জন তালুকদার মনোনয়ানপত্র সংগ্রহ করেন।