সিসিক কাউন্সিলর আজাদের বাসায় হামলাকারীদের গ্রেফতার দাবিতে কর্মবিরতি পালন

প্রকাশিত June 30, 2024
সিসিক কাউন্সিলর আজাদের বাসায় হামলাকারীদের গ্রেফতার দাবিতে কর্মবিরতি পালন

সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলা ও ভাংচুরের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে সিসিকে কর্মবিরতি পালিত হয়েছে।
পূর্ব ঘোষিত ৩ দিনের কর্মসূচির প্রথম দিন রবিবার, ৩০ জুন (১৬ আষাঢ়) সিসিক মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্দেশে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নগর ভবনসহ সকল ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে কর্মবিরতি পালন করা হয়।
কর্মবিরতি চলাকালীন ভারপ্রাপ্ত মেয়রসহ সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারিগণ নগরভবন প্রাঙ্গণে অবস্থান গ্রহণ করেন।
এসময় ভারপ্রাপ্ত মেয়র মো মখলিছুর রহমান কামরান বলেন, মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডবাসী পরপর ৫ বার আজাদুর রহমান আজাদকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন।
তিনি গত বৃহস্পতিবার রাতে আজাদুর রহমান আজাদের বাসভবনে ন্যাক্কারজনক হামলা ও ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা করেন এবং অবিলম্বে সকল আসামিকে গ্রেফতারের দাবি জানান।
তিনি জানান, মামলার ১৪ আসামির মধ্যে এ পর্যন্ত ৩ জন গ্রেফতার হয়েছে।
কর্মসূচির দ্বিতীয় দিন আগামীকাল সোমবার দুপুর ১২টায় টিলাগড় পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি