সিসিকের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেছে শাবিপ্রবি || সিসিক পরিশোধ করেছে বিদ্যুৎ বিল

প্রকাশিত April 22, 2024
সিসিকের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেছে শাবিপ্রবি || সিসিক পরিশোধ করেছে বিদ্যুৎ বিল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিলেট সিটি কর্পোরেশনের ২০২৩—২৪ অর্থবছরের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেছে।
সোমবার, ২২ এপ্রিল (৯ বৈশাখ) সিসিক মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে একটি চেকের মাধ্যমে কর পরিশোধ করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
সিসিকের কর শাখা জানায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১৫৯ নম্বর থেকে ১২০৪ নম্বর হোল্ডিংগুলোর ২০২৩—২৪ অর্থবছরে ট্যাক্স বাবদ সিসিকের পাওনা ২ কোটি ৬৪ হাজার টাকা। এর মধ্যে ৮১ লাখ ২ হাজার ৫১২ টাকা নগর ভবনে এসে পরিশোধ করেন উপাচার্য। অবশিষ্ট ১ কোটি ৮২ লাখ ৯৭ হাজার ৪০০ টাকা শাবিপ্রবি পর্যায়ক্রমে পরিশোধ করবে।
শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে ধন্যবাদ জানিয়ে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ কতৃর্পক্ষ নিজ উদ্যোগে সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে গেছে। নগরবাসী নিয়মিত কর পরিশোধ করলে সিলেট সিটি দেশের মধ্যে মডেল হয়ে উঠবে।
গ্রীণ, ক্লিন, স্মার্ট সিলেট বিনির্মাণে সবার সহযোগিতার প্রয়োজন উল্লেখ করে মেয়র নিয়মিত কর পরিশোধের জন্য সিলেট নগরবাসীর প্রতি আহ্বান জানান।
অন্যদিকে একইদিন সিসিক বকেয়া ১ কোটি ৩৪ লাখ ৫২ হাজার ৭৩৫ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিদ্যুৎ বিলের চেক প্রদান করা হয়।
পিডিবি সিলেটের ডিভিশন ১, ২, ৩, ৪ ও ৫ এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে সিসিক মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী বিল পরিশোধের চেক হস্থান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো ইফতেখার আহমদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো মতিউর রহমান খান,
প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ ও যান্ত্রিক) রুহুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা ও সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস।
এছাড়াও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি