সিসিকের সঙ্গে শিক্ষা স্বাস্থ্য ও পর্যটন নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ মালেশিয়ার

প্রকাশিত October 19, 2023
সিসিকের সঙ্গে শিক্ষা স্বাস্থ্য ও পর্যটন নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ মালেশিয়ার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত মালেশিয়ার রাষ্ট্রদূত হাজনা মো হাশিম সিলেট সিটি কর্পোরেশনের সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
বুধবার, ১৮ অক্টোবর সন্ধ্যায় নগর ভবনে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এই আগ্রহ প্রকাশ করেন।
সৌহার্দপূর্ণ আলোচনায় মালেশিয়ার শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন শিল্পে বাংলাদেশীদের জন্য দেওয়া সুযোগ সুবিধা নিয়েও রাষ্ট্রদূত কথা বলেন ।
রাষ্ট্রদূত হাজনা মো হাশিম বলেন, অপেক্ষাকৃত কম খরচে বিশ্বমানের শিক্ষা ও স্বাস্থ্যসেবা দিচ্ছে মালেশিয়া। এ অঞ্চলে এসব সেবা খাতে সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতা পেলে তারা আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে ও এখানে একটি সমন্বিত সেবা কর্নার করতে চান।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ করে দিতে সিলেটে শাখা/ক্যাম্পাস স্থাপন করতে পারে মালেশিয়া। প্রতিবছর উন্নত চিকিৎসার জন্য এখানকার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বিদেশে যান। এর একটি বড় অংশের গন্তব্য মালেশিয়া। উন্নত হাসপাতালসমূহে সেবা গ্রহণে আগ্রহীদের যাতায়াত প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে সিলেটে একটি সমন্বিত সেবা কর্নার করতে সিলেট সিটি কর্পোরেশন সব ধরনের সহযোগিতা করবে।
সিসিক মেয়র ও মালয়েশিয়ার রাষ্ট্রদূত দুই দেশের বন্ধুত্বপূর্ণ সর্ম্পক বজায় রেখে সিলেটের সঙ্গে সাংস্কৃতিক বিনিময়েও আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাতকালে সিলেট সিটি কর্পোরেশন ও ঢাকায় মালেশিয়া দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি