সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে থাকা বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার অবকাঠামোগত উন্নয়নে সিলেটের পিছিয়ে পড়া মেনে নেওয়া যায় না।
মেয়র আরও বলেছেন, সিলেটের শিক্ষাব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর শরণাপন্ন হয়ে তিনি বিশেষ প্রকল্প নিয়ে আসবেন।
বুধবার, ২৪ জানুয়ারি (১০ পৌষ) সকাল ১১টায় মহানগরীর রাজা গিরিশ চন্দ্র (রাজা জি সি) মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আনোয়ারুজ্জামান চৌধুরী প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
রাজা জি সি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে এবং কম্পিউটার শিক্ষক গাওসিয়া চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মুমিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা আবু সায়িদ মো আব্দুল ওয়াদুদ, সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মো কবির খান, রসময় মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো রফিকুল আলম, রাজা গিরিশ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাছিনা মমতাজ, ক্রীড়া শিক্ষক মুহাম্মদ মানিক খান, জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল হালিম ও অভিভাবক অশোক কুমার রায়।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেট সিটি করপোরেশন থেকে অতীতে বঞ্চনার শিকার রাজা গিরিশ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সকল কাজ দ্রুতগতিতে সম্পন্ন করা হবে।
বিদ্যালয়ের ড্রেন নির্মাণ এবং সীমানা প্রাচীর ও মার্কেটের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।
একই দিন মেয়র সিলেট সিটি কর্পোরেশনের নবগঠিত ৩৫ নম্বর ওয়ার্ডের মেজরটিলার মোহাম্মদপুর প্রধান সড়ক প্রশস্তকরণ, আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, মোহাম্মদপুর জামেয়া আরাবিয়া মারকাজুল উলুম মাদরাসা সড়কের উদ্বোধন এবং চামেলীবাগ ২ নম্বর সড়ক প্রশস্তকরণ, আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিসিকের পুরনো ওয়ার্ডগুলোর পাশাপাশি আগামী ৫ বছরে নবগঠিত ১৫টি ওয়ার্ডে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ করা হবে।
তিনি জানান, নবগঠিত সব ওয়ার্ডে নাগরিক সেবা নিশ্চিতে ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। এসব কাজ বাস্তবায়িত হলে সকল নাগরিক সিসিকের উন্নয়ন ভোগ করতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি অলিউর রহমান (সিআইপি), আফতাব মিয়া, ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহেল আহমদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, হেলাল আহমদ চৌধুরী, বিমান কান্তি দে, এখলাছ মিয়া, আসুক মিয়া, আলেক মিয়া, শিহাব বক্স, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, দেবন্দ্র কুমার দাশ, আব্দুল গনি, এশো মিয়া, আসাদুল আলম, শেখ সাকিব, সৈয়দ রুমন, প্রত্যাশা সমাজকল্যাণ সংস্থার সভাপতি রাফাত ইকবাল, সাধারণ সম্পাদক নোমান আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি