নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নতুন হোল্ডিং ট্যাক্স বাতিল করেছে।
শুক্রবার, ২৪ মে (১০ জ্যৈষ্ঠ) রাত ৮টায় নগরভবন সভাকক্ষে নগর পরিষদের জরুরি সাধারণ সভা শেষে জেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এই ঘোষণা দেন।
মেয়র জানান, জনআকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে সিলেট সিটি করপোরেশন ২০১৬ সালের এসেসমেন্টের ভিত্তিতে নির্ধারিত হোল্ডিং ট্যাক্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও জানান, সিসিকের ৪২টি ওয়ার্ডে কাউন্সিলরদের তত্ত্বাবধোনে রি-এসেসমেন্ট করে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করা হবে।
মেয়র আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বকেয়া হোল্ডিং ট্যাক্স পরিশোধের জন্যে নাগরিকদের প্রতি আহবান জানান।
এসময় সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মখলিছুর রহমান কামরান, কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান ও সচিবসহ বিভিন্ন শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।