বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি নং-১৮৬৬) মালিকানাধীন নীলাদ্রী পরিবহনের এসিবাস সিলেট-সুনামগঞ্জ সড়কে চলাচল করতে না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি/৫ ফাল্গুন) দুপুরে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরের মল্লিকপুরে বাসটার্মিনাল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়জুর নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো নূর উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল জাহান, জেলা বাস মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল করিম. সাধারণ সম্পাদক মো নূরুল হক, জেলা সিএনজি অট্রোরিকশা, টেক্সিকার ড্রাইভার ইউনিয়নের সাধারণ সম্পাদক আল আমীন কালা, জেলা হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল খালিক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো জসিম উদ্দিন।
নেতৃবৃন্দ বলেন, ছয়টি সংগঠনের শ্রমিকদের স্বার্থে তাদের শ্রমের টাকায় নিলাদ্রী পরিবহনের এসিবাস সুনামগঞ্জ-সিলেট সড়কে চালানোর জন্য কেনা হয়েছিল; কিন্তু সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এই ছয় সংগঠনের নেতারা দফায় দফায় বৈঠক করেও কোনো ফল পাননি।
তারা ঘোষণা করেন, আগামীকাল ১৯ ফেব্রুয়ারির ভেতরে সুনামগঞ্জ-সিলেট সড়কে এই এসিবাস চালানোর প্রশাসনিক অনুমতি না পেলে পরদিন থেকে শ্রমিকরা লাগাতার কর্মবিরতির ডাক দিবেন। এরপরও দাবি পূরণ না হলে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।