নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) প্রায় ৬৩ লাখ টাকার চোরাই পণ্যসহ দুজনকে আটক করেছে।
বিজিবির তথ্য বিবরণীতে জানানো হয়, ২৩ ও ২৪ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন জেলার জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৫০০ কেজি ভারতীয় নিম্নমানের চিটা গুড়, ৬ হাজার ২৫০ কেজি ভারতীয় নিম্নমানের মিছরি গুড়া, ২ হাজার ৮০০ কেজি ভারতীয় চিনি, ৪২ হাজার পিস পাতার বিড়ি ও ২টি মাঝারি টাটা ট্রাক আটক করা হয়। আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা।
এছাড়া অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বাংলাদেশী নাগরিক হবিগঞ্জ জেলার জীবন দাস (২৯) ও কিশোরগঞ্জ জেলার সজল দাসকে (২৯) আটক করা হয়।
এসময় আটককৃত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে ভারতীয় ৬ হাজার ৩৪০ রুপি ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তী সময়ে রবিবার (২৪ নভেম্বর/৯ অগ্রহায়ণ) আটককৃত বাংলাদেশী নাগরিকদের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়।
জকিগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো আসাদুন্নবী, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।