সিলেট সিটি করপোরেশনের নতুন হোল্ডিং ট্যাক্সের ভাগ্য নির্ধারণ হবে আজ

প্রকাশিত May 24, 2024
সিলেট সিটি করপোরেশনের নতুন হোল্ডিং ট্যাক্সের ভাগ্য নির্ধারণ হবে আজ

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের নতুন ‘গৃহ কর’ বা হোল্ডিং ট্যাক্সের ভাগ্য নির্ধারণ আজ। রাত ৮টায় এ ব্যাপারে সিসিকের নতুন সিদ্ধান্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে নগরবাসীকে জানানোর কথা রয়েছে।
প্রচলিত বিধি অনুযায়ী প্রতি ৫ বছর পরপর সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স পুনঃনির্ধারণের কথা থাকলেও প্রায় ১৭ বছর পর সিলেটে তা করা হয়। নেওয়া হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন; কিন্তু সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী তা কার্যকর না করে সাময়িক স্থগিত রাখেন।
বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দায়িত্ব গ্রহণের মাস ছয় পর অনুমোদিত সিলেট সিটি করপোরেশনের সেই হোল্ডিং ট্যাক্স কার্যকরের উদ্যোগ নিলে নাগরিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। প্রতিবাদী হয়ে উঠেন সর্বস্তরের মানুষ। রাতারাতি কয়েকটি সংগঠনও গড়ে উঠে। আরম্ভ হয় প্রতিবাদী স্মারকলিপি পেশ, মানববন্ধন ও সমাবেশ। সবার কথা একটাই, এই করারোপ অযৌক্তিক, অস্বাভাবিক, অতিমাত্রার। তাই অবিলম্বে বাতিল করতে হবে।
অন্যদিকে সিসিক নতুন ১৫টি ওয়ার্ডে হোল্ডিং ট্যাক্স কার্যক্রম স্থগিত ঘোষণা করে আর পুরনো ২৭টি ওয়ার্ডে পুনর্বিবেচনার জন্যে ‘রিভিউ বোর্ড’ গঠনের ঘোষণা দেয়।
মেয়র আরও ঘোষণা করেন, হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে; কিন্তু তাতেও নাগরিক ক্ষোভ-বিক্ষোভ প্রশমিত না হওয়ায় ২২ মে রাতে মহানগরীর একটি কনভেনশন হলে সিলেট সিটি করপোরেশন একটি মতবিনিময় সভার আয়োজন করে, যাতে বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশ নাগরিক যোগ দেন। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সরকার, হাবিবুর রহমান হাবিব ও বীর মুক্তিযোদ্ধা রুমা চক্রবর্তী।
সভার শুরুতে সিসিকের পক্ষ থেকে হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত আইন, বিধি ও প্রক্রিয়া পাওয়ার পয়েন্টে উপস্থাপনের মাঝামাঝিতে হঠাৎ করে কিছু নাগরিক প্রতিবাদমুখর হয়ে উঠেন। দাবি জানাতে থাকেন, কেন অস্বাভাবিক হারে করারোপ করা হলো সেই ব্যাখ্যা দিতে। রীতিমতো হুলস্থুল পড়ে যায় একাংশজুড়ে। আশংকা দেখা দেয় পরিস্থিতি নিয়েন্ত্রণের বাইরে চলে যাওয়ার। আর ঠিক তখনই মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী মাইক্রোফোন হাতে তুলে নেন এবং তার তাৎক্ষণিক নাতিদীর্ঘ বক্তব্য দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে দেয়। তিনি নাগরিকদেরকে মুক্তকণ্ঠে নিজ নিজ অভিমত প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে স্মরণ করিয়ে দেন, নগরবাসী তাকে ও কাউন্সিলরদেরকে সেবক হিসেবে নির্বাচিত করেছেন। তাই নগরবাসীর জন্যে অসহনীয় কিছু নগর পরিষদ করবে না। তবে সকলকেই কর দিতে হবে।
এই মহানগরীর অনেক বিত্তশালী সিসিকের কর পরিশোধ করেন না-মেয়র এমন তথ্য প্রকাশ করলে উপস্থিতি সাধারণ নাগরিকরা কর পরিশোধ না করা ব্যক্তিদের প্রতি ধিক্কার জানান।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল নাগরিকদের মতামতকে মূল্যায়ন করে যৌক্তিক, প্রাসঙ্গিক ও সহনীয় মাত্রায় কর ধার্য্য করার আহবান জানান।
অন্যদিকে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আবারও নিশ্চয়তা দেন, দ্রুত সময়ে মধ্যে কাউন্সিলরদের নিয়ে সাধারণ সভা করে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে।
সিসিকের এই সাধারণ সভা ডাকা হয়েছিল বৃহস্পতিবার রাত ৯টায়। পরে তা পিছিয়ে শুক্রবার সন্ধ্যা ৬টায় নেওয়া হয়েছে।
এই সভায়ই ভাগ্য নির্ধারিত হবে সিলেট সিটি করপোরেশনের নতুন হোল্ডিং ট্যাক্সের। তা স্থগিত না বাতিল হবে নাকি বহাল রেখেই মেয়রের ঘোষণা অনুযায়ী বিধিসম্মতভাবে পুনর্বিবেচনার মাধ্যমে ‘গৃহ কর’ সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে তা জানার জন্যে রাত ৮টা পর্য়ন্ত অপেক্ষা করতেই হচ্ছে।