সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে করোনাকালে অনলাইনে ব্যতিক্রমী আয়োজন চলছে। উদ্দেশ্য, গতানুগতিক পড়াশোনার একঘেয়েমি থেকে একটু ব্যতিক্রমী ক্লাসের মাধ্যমে বৈচিত্র নিয়ে আসার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছে পাঠ্যসূচির বাইরে নানা বিষয়ে জ্ঞান আহরণে। তৈরি হচ্ছে নির্মল বিনোদনের সুযোগও। এছাড়া অভিভাবকরা সংযুক্ত হয়ে নিজেদের মতামত প্রকাশের পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।
এর ধারাবাহিকতায় রবিবার ছিল ‘শিল্পের আলোয়’ দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্যে আয়োজন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দশম শ্রেণির অনলাইন ক্লাসের এডমিন বিপ্লব নন্দী। এরপর শিক্ষার্থীদের পালায় করোনাকালীন জীবনযাপন ও অনলাইন ক্লাসের অভিজ্ঞতা তুলে ধরে, শিক্ষার্থী রুদ্র দত্ত ও প্রত্যয় রায় চৌধুরী। রবীন্দ্র সংগীত পরিবেশন করে, অরিত্র বিশ্বাস সৌধ, দেবপ্রতিম দেব ও সুজয় দীপ্ত। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান পরিবেশন করে, রাতুল রায়। অরিজিত সিংয়ের গান গেয়ে শোনায়, নীলান্ত দাশ। কবিতা আবৃত্তি করে, রুদ্র দত্ত। জলরং মাধ্যমে নিজের আঁকা ছবি প্রদর্শন করে, সাদিউল আজম সুন্নাহ। বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করে, দেবদীপ দাস দীপ্ত।
শিক্ষার্থীদের পর অভিভাবকদের পক্ষ থেকে অভিমত ব্যক্ত করেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন, সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা নিবেদিতা রায়, গোয়াইনঘাট সরকারি কলেজের উপাধ্যক্ষ তপন কৃষ্ণ দেব, গৃহিনী জয়শ্রী মিত্র ও এম সি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক তোফায়েল আহমদ।
অভিভাবকরা অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনার উচ্চসিত প্রশংসা করে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো আবুল খায়ের, মো মোস্তফা মামুন, ফেরদৌসী খানম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) সালমা নূরুননাহার ও প্রধান শিক্ষক মো কবির খান। করোনাকাল নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন, সহকারী শিক্ষক বিপ্লব নন্দী।
প্রধান শিক্ষক মো কবির খান বলেন, শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যাবলীতে সমান গুরুত্ব নিয়ে অংশগ্রহণ করলেই কেবল সুপ্ত প্রতিভা বিকাশের সাথে সাথে পরিপূর্ণ মানুষ হিসেবে জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারবে।
অনুষ্ঠান পরিকল্পনা ও সঞ্চালনায় ছিলেন, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফৌজিয়া আক্তার।