নিজস্ব প্রতিবেদক : সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর/৩০ আশ্বিন) সকাল ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো জাকির আহমদ। পরে বিস্তারিত ফলাফল তুলে ধরেন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল।
চেয়ারম্যান অধ্যাপক মো জাকির আহমদ জানান, এবার সিলেট শিক্ষা বোর্ডে ৩০৯টি কলেজের ৮৩ হাজার ১৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ৭১ হাজার ১২ জন। পাশের হার ৮৫ দশমিক ৩৯, যা গত বছরের তুলনায় ১৩ দশমিক ৭৭ শতাংশ বেশি। এবছর ৬ হাজার ৬৯৮ জন জিপিএ-ফাইভ পেয়েছে। গত বছর পেয়েছিলো ১ হাজার ৬৯৯ জন। ফলাফলের সব সূচকে ছাত্রীরা এগিয়ে আছেন।