সিলেট-মৌলভীবাজার-হবিগঞ্জ রুটে বিআরটিসির বাস সার্ভিস চালু

প্রকাশিত December 22, 2020
সিলেট-মৌলভীবাজার-হবিগঞ্জ রুটে বিআরটিসির বাস সার্ভিস চালু

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিলেট-ঢাকা ৪ লেন প্রকল্প আগামী জানুয়ারি মাসে একনেক সভায় উত্থাপন করা হবে। এই প্রকল্পে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থায়ন করবে।
মঙ্গলবার সকালে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় হুমায়ুন রশীদ চত্বরে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশনের (বিআরটিসি) সিলেট বাস ডিপো থেকে সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে শীতাতপ নিয়ন্ত্রিত বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. এহসান-ই ইলাহীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন, সড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম ও বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ। এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন ও জেলা পরিষদ সদস্য ইমাম উদ্দিন চৌধুরীসহ প্রশাসনিক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, দেশের সর্বত্র বিআরটিসির বাস সার্ভিস প্রসারিত করার ফলে জনগণ সহজে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে। এর ধারাবাহিকতায় পরিবহণ সেক্টরের মালিক-শ্রমিক সকলকে সেবার মান বৃদ্ধি করতে হবে।
তিনি আরো বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। বিশেষ করে পরিবহণ সেবার ক্ষেত্রে বাংলাদেশ কয়েকধাপ এগিয়ে গেছে।
সড়ক পরিবহণ মন্ত্রী বলেন, সীমান্তবর্তী অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার আন্তরিক। এ ব্যাপারে সরকারের প্রশাসনযন্ত্রকে সচেতন থাকার নির্দেশনা দেওয়া আছে।
তিনি বলেন, বিগত ৪ দলীয় জোট সরকারের আমলে বিআরটিসিকে লোকসানের কোম্পানিতে পরিণত করা হয়েছিল; কিন্তু আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ায় বিআরটিসি বর্তমান সময়ে লাভের মুখ দেখছে।
মন্ত্রী বলেন, বিএনপির গণতন্ত্র মানে, হাওয়া ভবনে লুটপাটের রাজনীতি পুনরায় প্রতিষ্ঠা করা আর ভোট গ্রহণের দিন নির্বাচনে অংশ নেওয়ার পরে মিথ্যে অভিযোগে ভোট বর্জন করা। বিএনপির গণতন্ত্র মানে নির্বাচনে তাদের জয়ের নিশ্চয়তা পাওয়া। বিএনপি গণতন্ত্র চর্চা করে না।
গণতন্ত্র একটি একক চক্র নয় উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য স্টেক হোল্ডারদের সদিচ্ছা থাকতে হবে; কিন্তু এসবে বিএনপি নেই।
দেশে গণতন্ত্র নেই বলে বিএনপির অভিযোগ সম্পর্কে মন্ত্রী বেেলন, গণতন্ত্র না থাকলে বিএনপি কিভাবে সারাক্ষণ সরকারের সমালোচনা করতে পারে।
বিশেষ অতিথি পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন বলেন, বিআরটিসির বাস সার্ভিস চালু সিলেটবাসীর জন্যে একটি সুখবর। এতে সিলেট অঞ্চলে সড়ক যোগাযোগ আরো সহজ হলো।
তিনি বিআরটিসির বাসে যাতায়াতের জন্যে সকলের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে বিআরটিসির চেয়ারম্যান মো. এহসান-ই ইলাহী বলেন, বিআরটিসিরি বাস সার্ভিস থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রী সুফল পাবে। যৌক্তিক ও স্বল্প ভাড়ায় আরামদায়ক যাতায়াতের সুযোগ সৃষ্টি হলো। ৬টি দ্বিতল বাস ও ৬টি এসি বাস সঠিক দিকনির্দেশনায় পরিচালিত হলে রাজস্ব অনেকাংশে বৃদ্ধি পাবে। উন্নত যাত্রীসেবার প্রতিশ্রুতি নিয়ে প্রত্যেকটি বাস প্রশিক্ষিত ও স্মার্ট সুপারভাইজার দ্বারা পরিচালিত হবে।
পরে বিআরটিসির চেয়ারম্যান ফিতা কেটে সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসির শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস উদ্বোধন করেন।