সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৩ কর্মকর্তার পদত্যাগ দাবিতে মিছিল ও অবস্থান

প্রকাশিত August 18, 2024
সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৩ কর্মকর্তার পদত্যাগ দাবিতে মিছিল ও অবস্থান

নিজস্ব প্রতিবেদক : সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রারের পদত্যাগের ‘একদফা’ দাবিতে বৈষম্যবিরোধী কর্মকর্তা-কর্মচারী পরিষদ আন্দোলনে নেমেছে।
আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রবিবার, ১৮ আগস্ট (৩ ভাদ্র) দুপুরে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী কর্মকর্তা-কর্মচারী পরিষদ ক্যাম্পাস থেকে মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনারে যায়।
পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী কলেজ পরিদর্শক মাইদুল ইসলাম চৌধুরী, সেকশন অফিসার আশরাফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা রহমত আলী ও কাজি মাসুদ এবং কর্মচারীদের মধ্যে আহসান উদ্দিন, মুহাজিরুল ইসলাম, নুরুল আমীন চৌধুরী, এনাম আহমদ, আব্দুস সামাদ চৌধুরী, তিলোত্তমা দাশ, তারেক হাসান ও মনি আক্তার।
তারা জননিরাপত্তার স্বার্থে কর্মকর্তা-কর্মচারীদের প্রাণনাশের হুমকিদাতা সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, স্বৈরশাসক শেখ হাসিনার চোখের চিকিৎসক প্রফেসর ডা এনায়েত হোসেন মুকুল, ট্রেজারার শাহ আলম ও ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসী রেজিস্ট্রার (এডহক) আবুল কালাম মো ফজলুর রহমানকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান।