সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির নবনিযুক্ত কমিশনার মো রেজাউল করিম, পিপিএম-সেবা ও সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ১১ সেপ্টেম্বর এসএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতবৃন্দসহ প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা।
মতবিনিময়কালে সাংবাদিকরা সিলেট মহানগরী এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলো থেকে উত্তরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
নবনিযুক্ত পুলিশ কমিশনার বলেন, সিলেটে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের হত্যা মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বিগত ছাত্র-জনতার আন্দোলনে নিহতের প্রতিটি ঘটনার সঠিক তদন্ত ও বিচারের জন্য সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে পুলিশ। এছাড়া বিভিন্ন সময়ে যেসকল অস্ত্রধারী সন্ত্রাসী ছাত্র-জনতার উপর আক্রমণ করেছে তাদেরকে শনাক্ত করে গ্রেফতার ও তাদের ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।
এ ব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতা করতে সকলের প্রতি আহবান জানিয়ে পুলিশ কমিশনার বলেন, সচেতন সাংবাদিক ও সুশীল সমাজকে সঙ্গে নিয়ে তারা একটি সত্যিকারের জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে চান। তিনি আরো জানান, পুলিশের মনোবল বৃদ্ধি করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে জোর প্রচেষ্টা চলমান রয়েছে।
পুলিশ কমিশনার বলেন, পুলিশ এখন ঘুষ, দুর্নীতি মুক্ত ও সম্পূর্ণ সেবাধর্মী একটি পরিবেশ সৃষ্টি করতে বদ্ধপরিকর যাতে করে, আগামী প্রজন্ম একটা সুন্দর দেশ পায়। তথ্য বিবরণী