সিলেট মুক্ত দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর/১৯ আশ্বিন) জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।
সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট মুক্ত দিবস উদযাপন একটি স্মরণীয় উদ্যোগ। মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। জীবিত বীর মুক্তিযোদ্ধাদের বক্তব্য, স্মৃতিচারণ ও লেখনীর মাধ্যমে তরুণ প্রজন্মকে সিলেটের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক বলেন, সিলেট মুক্ত দিবস ব্যাপকভাবে উদযাপনে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে যে পরামর্শ ও প্রস্তাব এসেছে, সেগুলো বাস্তবায়নে পরবর্তী সময়ে একটি উদযাপন কমিটি এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন উপকমিটি গঠন করা হবে বলে তিনি জানান।
তিনি বলেন, অনুষ্ঠানকে সফল করতে মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক স্মারকগ্রন্থ প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রচার, ব্যবস্থাপনা ও সংবর্ধনা সহ বিভিন্ন কার্যক্রম নেওয়া হবে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন চোধুরী ও সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ। পিআইডি সিলেট