সিলেট মহানগর ডিবির অভিযানে প্রায় ৪ লাখ টাকার ভারতীয় চিনি আটক || গ্রেফতার ২

প্রকাশিত March 16, 2024
সিলেট মহানগর ডিবির অভিযানে প্রায় ৪ লাখ টাকার ভারতীয় চিনি আটক || গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবির অভিযানে প্রায় ৪ লাখ টাকার ভারতীয় চিনি আটক হয়েছে। গ্রেফতার হয়েছে দুই জন। এছাড়া একটি ডিআই পিকআপ জব্দ করা হয়েছে।
শনিবার, ১৬ মার্চ (২ চৈত্র) সকাল সাড়ে ৬টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশ-এসএমপির বিমানবন্দর থানাধীন বড়শলা এলাকায় বিমানবন্দর বাইপাস পয়েন্টে অভিযান পরিচালনা করে।
এ সময় ডিআই পিকআপ চালক মো আক্তার হোসেন (২৫, পিতা তাহির উল্লাহ, পানাইল পুরানপাড়া, দোয়রাবাজার, সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা : বাসা নং ১০৪, সড়ক নং ২, বনকলাপাড়া, সুবিদবাজার, সিলেট) ও দেলোয়ার হোসেনকে (২৫, পিতা মৃত ফজর আলী, নোয়াগাঁও, নয়াবস্তি, কোম্পানীগঞ্জ, সিলেট, বর্তমান ঠিকানা : নাসিরাবাদ হাউজিং, মুংলিরপাড়, জেলা সিলেট) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকালে তাদের হেফাজত হতে ৬৪ বস্তায় ৩ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় চিনি ও এই চিনি পরিবহনের কাজে ব্যবহৃত ডিআই পিকআপটি জব্দ করা হয়।
এ ব্যাপারে এসএমপির বিমানবন্দর থানায় মামলা রুজু করা হয়েছে। সূত্র তথ্য বিবরণী