নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরের ন্যায় এবারও সিলেট মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার জন্য বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখা ফিৎরার পরিমাণ নির্ধারণ করেছে।
সিলেটের সর্বজন শ্রদ্ধেয় মুফতিয়ানে কেরাম, উলামা মাশায়েখ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ইমাম-খতিবগণের সঙ্গে আলোচনা ক্রমে ও মহানগরীর বিভিন্ন খুচরাবাজার যাচাই করে ৪৫.০০ টাকা দরে আটা ১৬৫০ গ্রামের মূল্য ৭৫.০০ টাকা ও খেজুর (নেগাল) ২০০.০০ টাকা দরে ৩৩০০ (এক সা’) গ্রামের মূল্য ৬৬০.০০ টাকা, কিসমিস ৩৮০.০০ টাকা দরে ১,২৫৪.০০ টাকা ও পনির ৭০০.০০ টাকা দরে ২,৩১০.০০ টাকা ফিৎরার পরিমাণ নির্ধারণ করা হয়।
সংগঠনের অন্যতম উপদেষ্টা দরগায়ে হযরত শাহজালাল (র) মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ির সঙ্গে আলোচনাক্রমে সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে ইমাম সমিতির ফতোয়া বোর্ড উপরোক্ত পরিমাণ টাকার অংকে ফিৎরা নির্ধারণ করেছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সংগঠনর ফতোয়া বোর্ডের সদস্যবৃন্দ সহ মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, সহসভাপতি মাওলানা কারী শহীদ আহমদ, মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানী, মাওলানা নূর আহমদ কাসেমী, যুগ্মসাধারণ সম্পাদক মাওলানা সুহাইব আহমদ, মাওলানা আব্দুস শহীদ ও মাওলানা শুয়াইবুর রহমান।
মহানগর ইমাম সমিতির ফিৎরা নির্ধারণে সম্মতি পোষণ করেছেন, জামেয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদরাসার শায়খুল হাদীস মুফতি মুজিবুর রহমান, সিলেট সরকারি আলিয়া মাদরাসার মুফতি মাওলানা আব্দুল মুছব্বির, শাহজালাল ডিওয়াই কামিল মাদরাসার মুফতি মাওলানা আবু সালেহ কুতবুল আলম, জামেয়া মাহমুদিয়া সোবহানীঘাট মাদরাসার মুহতামিম মাওলানা আহমদ কবির, দারুস সালাম মাদরাসার সহকারী শায়খুল হাদীস মাওলানা মাসুক আহমদ সালামী, নয়সড়ক মাদরাসার মুফতি মাওলানা জুবায়ের আহমদ, জামেয়া ইসলামিয়া পাঠানটুলার মুফতি মাওলানা আলী হায়দার, জামেয়া দারুল কুরআন মাদরাসার মুফতি আব্দুল মুমিন, ইমাম সমিতির সিলেট জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দীন, জালালাবাদ ইমাম ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মতিউর রহমান, কুদরত উল্লাহ হাফিজিয়া মাদরাসার প্রিন্সপাল মাওলানা মিফতাহ উদ্দিন, জামেয়া দারুল হুদার মুফতি কামাল উদ্দিন সুরইঘাটী, জামেয়া হাতিমিয়া শিবগঞ্জ মাদরাসার মুফতি হাফিজুর রহমান, মুফতি মজির উদ্দিন কাসেমী প্রমুখ।
আলোচনাকালে বক্তারা অভিমত রাখেন, ফিৎরায় ওজনের পরিমাণ নির্ধারণ করা হয় পনির, কিসমিস ও খেজুর ৩৩০০ গ্রাম যা শরীয়তে ১ সা’ এবং আটা ও যব, যা নির্ধারণ করা হয় অর্ধ সা’ ১৬৫০ গ্রাম।
তারা আগামী দিনগুলোতে এই পরিমাপে ফিৎরা দেওয়ার জন্য সকল মুসলমানের প্রতি আহবান জানান।
আগামী শুক্রবার জুম্মার বয়ানে পবিত্র শবে কদর ও ফিৎরা বিষয়ে আলোচনা করার জন্য সিলেটের সকল ইমাম খতিবদের প্রতি আহবান জানানো হয়েছে।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি