সিলেট মহানগরীতে ২৬ বছরেও হয়নি ‘আন্ডারপাস’ || ‘ওভারব্রিজ’ হয়েছে আশ্বাসের আংশিক

প্রকাশিত July 23, 2023
সিলেট মহানগরীতে ২৬ বছরেও হয়নি ‘আন্ডারপাস’ || ‘ওভারব্রিজ’ হয়েছে আশ্বাসের আংশিক

নিজস্ব প্রতিবেদক : প্রায় ২৬ বছরেও সিলেট মহানগরীতে ‘আন্ডারপাস’ নির্মাণ করা হয়নি। পূরণ হয়নি তৎকালীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর আশ্বাস। তবে ‘ওভারব্রিজ’ নির্মাণের ক্ষেত্রে আশ্বাস আংশিক পূরণ হয়েছে।
১৯৯৭ সালের ২৩ জানুয়ারি জাতীয় সংসদ অধিবেশনে সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ তখনকার সিলেট শহরবাসীকে যানজটের দুঃসহ যন্ত্রণা থেকে উদ্ধার সংক্রান্ত একটি প্রশ্ন উত্থাপন করেন।
এর জবাবে এলজিআরডি মন্ত্রী জিল্লুর রহমান জানান, সিলেট শহরে প্রয়োজনীয় ‘ওভারব্রিজ’ ও ‘আন্ডারপাস’ নির্মাণ করা হবে।
সেদিন অধিবেশন সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার আব্দুল হামিদ। সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ প্রশ্ন উত্থাপন করতে গিয়ে বলেছিলেন, রাজধানী ঢাকার পরে দেশের প্রধান শহরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সিলেট, যা দিন দিন ব্যাপকতা লাভ করছে। বেড়ে চলেছে জনসংখ্যা, ব্যস্ততা, ব্যবসা-বাণিজ্য, যানবাহন ইত্যাদি; ‍কিন্তু এখানকার রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছেনা। অসহনীয় হয়ে উঠেছে যানজট। নির্বিঘ্নে চলাচল করতে পারছেনা মানুষজন। তাই ‘আন্ডারপাস’ ও ‘ওভারব্রিজ’ নির্মাণ জরুরি হয়ে উঠেছে।
জবাবে এলজিআরডি মন্ত্রী আরও জানিয়েছিলেন, সিলেটের রাস্তাঘাটের উন্নয়ন করা হবে।
পরবর্তী সময়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসে। ২০০২ সালে সিলেট পৌরসভা উন্নীত হয় সিটি করপোরেশনে। শহর মর্যাদা পায় মহানগরীর। প্রায় দু’বছর দেশ শাসন করে তত্ত্বাবধায়ক সরকার; কিন্তু ‘ওভারব্রিজ’ বা ‘আন্ডারপাস’ কোনোটিই নির্মাণ করা হয়নি।
তবে ২০০৮ সালে আবার আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর মহানগরীর কোর্ট পয়েন্টে একটি ‘ওভারব্রিজ’ নির্মাণ করা হয়; কিন্তু সেটা কেউই ব্যবহার করেনা। কেবল বড় বড় ব্যানার টানানোর কাজে ব্যবহৃত হয়।
এছাড়াও সম্প্রতি দক্ষিণ সুরমায় হুমায়ুন রশীদ চত্বর, টিলাগড় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকার আরও ৩টি ওভারব্রিজ নির্মাণ করা হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, আপাতত আর কোন ‘ওভারব্রিজ’ নির্মাণের পরিকল্পনা নেই।
তিনি জানান, এ ৪টি ছাড়াও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উদ্যোগে ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক সহায়তায় খাদিমনগরে একটি ‘ওভারব্রিজ’ নির্মিত হয়েছে।
সিসিক প্রধান প্রকৌশলী জানান, মহানগরীর চৌহাট্টায় ও কাজীরবাজার সেতুর দক্ষিণ প্রান্তে দু’টি ‘আন্ডারপাস’ নির্মাণের কথা ভাবা হয়েছিল; কিন্তু এরপর আর কিছু হয়নি। আপাতত কোন চিন্তা-ভাবনাও নেই।