নিজস্ব প্রতিবেদক : ‘ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো’ স্লোগান নিয়ে সিলেট মহানগরীতে ৩ দিনব্যাপী ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে।
সিলেট মহানগর পুলিশ-এসএমপির ট্রাফিক বিভাগের এই কার্যক্রমের লক্ষ্য মহানগরবাসীকে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ বাস্তবায়নে সচেতনতা সৃষ্টি।
মঙ্গলবার, ৫ মার্চ (২১ ফাল্গুন) সকাল ১০টায় মহানগরীর চৌহাট্টা পয়েন্টে বেলুন-ফেস্টুন উড়িয়ে ট্রাফিক সচেতনতা কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ কমিশনার মো জাকির হোসেন খান পিপিএম। এ সময় এসএমপির অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
পুলিশ কমিশনার বলেন, কাউকে হয়রানি নয়-সকলকে সচেতন করতেই এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
তিনি নাগরিকদেরকে সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে চলার অনুরোধ করেন।
পুলিশ কমিশনার যানবাহন নিয়ে সড়কে চলাচলের সময় প্রয়োজনীয় সকল কাগজপত্র সঙ্গে রাখার অনুরোধ জানান।
মোটরসাইকেল চালক ও আরোহী উভয়কে হেলমেট পরিধান করতে, উল্টোপথে যানবাহন না চালাতে এবং যত্রতত্র যানবাহন পার্কিং না করতেও তিনি আহবান জানান।
এসএমপি কমিশনার পর্যটন নগরী ও প্রকৃতিকন্যা সিলেটের রাস্তায় ট্রাফিক আইন মেনে যানবাহন চালনাকারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, লিফলেট বিতরণ করেন ও গাড়িতে স্টিকার লাগিয়ে দেন।
মহানগরীর সিটি পয়েন্ট এবং হুমায়ুন রশিদ চত্বরেও পথচারী ও পরিবহন সংশ্লিষ্টদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।