সিলেট মহানগরীতে অটোচালক ও ব্যবসায়ী সংঘর্ষ || হেলম্যাট বাহিনী ‍নিয়ে নানা প্রশ্ন

প্রকাশিত September 13, 2024
সিলেট মহানগরীতে অটোচালক ও ব্যবসায়ী সংঘর্ষ || হেলম্যাট বাহিনী ‍নিয়ে নানা প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে সিএনজি অটোরিকশা চালক ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে হেলম্যাট বাহিনী কোত্থেকে এলো, কিভাবে এলো এবং কে আনলো-এ প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে।
প্রশ্নটি তুলেছেন অটোরিকশা চালকরা। এই হেলম্যাট বাহিনীই তাদের শতাধিক অটোরিকশা ভাংচুর করে তাদেরকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে তারা অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে শুরু হয় এ সংঘর্ষ। চলে ৪ দফায় প্রায় দেড় ঘণ্টা। এ সময় কোর্ট পয়েন্টসহ আশেপাশের এলাকা যুদ্ধক্ষেত্রে রূপ নেয়। সংঘর্ষে দুই পক্ষে কমপক্ষে ৪০ জন আহত হন।
মহানগরীর বন্দরবাজার সিটি সুপার মার্কেটের ব্যবসায়ী ও অটোরিকশা চালকদের মধ্যকার এ সংঘর্ষ শুরু সম্পর্কে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। এক পক্ষ দায় চাপাচ্ছেন অন্য পক্ষের উপর। তবে উভয় পক্ষই সুষ্ঠু নিষ্পত্তির লক্ষ্যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন, যা নগরবাসীতে স্বস্তিতে রেখেছে।
শেষ দফা হামলায় অংশ নেয় হেলম্যাট বাহিনী। তাদের মুখ ছিল কালো কাপড়ে ঢাকা। হাতে ছিল লাঠি ও লোহার রড। তারাই অটোরিকশাগুলো ভাংচুর করে বলে অটোচালকরা অভিযোগ করেছেন। তাদেরকে চেনা যায়নি।
বন্দরবাজার সিএনজি অটোরিকশা স্ট্যান্ড ম্যানেজার জাকির হোসেন এই হেলম্যাট বাহিনীকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন।