সিলেট বিভাগে কঠোর লকডাউনের প্রভাব : কমেছে শনাক্ত ও মৃত্যু

প্রকাশিত July 12, 2021
সিলেট বিভাগে কঠোর লকডাউনের প্রভাব : কমেছে শনাক্ত ও মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের চার জেলায় কঠোর লক ডাউনের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। কমেছে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা। কমেছে মৃত্যুও। অন্যদিকে সুস্থ হয়ে উঠাদের সংখ্যাও অনেক বেড়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৩৭৫ জনের, যা রবিবারে শনাক্তের চেয়ে ২২৭ জন কম। শনাক্তের হারও কমেছে। এখন শীর্ষে হবিগঞ্জ জেলা। সেখানে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪৭ শতাংশের উপরে রয়েছে।
সিলেট বিভাগে ১০০৩টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ৬৬৯, সুনামগঞ্জে ১৬৯, মৌলভীবাজারে ৮১ ও হবিগঞ্জে ৮৪। এরমধ্যে সিলেটে ২৬১ জন, সুনামগঞ্জে ৪৪ জন, মৌলভীবাজারে ৩০ জন ও হবিগঞ্জে ৪০ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
বিভাগে গড় শনাক্তের শতকরা হার ৩৭ দশমিক ৩৯। জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৩৯ দশমিক ০১, সুনামগঞ্জে ২৬ দশমিক ০৪, মৌলভীবাজারে ৩৭ দশমিক ০৪ ও হবিগঞ্জে ৪৭ দশমিক ৬২।
এই সময়ে মারা গেছে ৫ জন। এর মাঝে ২ জন সিলেট জেলার অধিবাসী। অন্যদের মধ্যে ২ জন সুনামগঞ্জ জেলার ও ১ জন মৌলভীবাজার জেলার। আগের দিন ৭ মারা গিয়েছিল।
অন্যদিকে সুস্থ হয়েছে, সিলেট জেলায় ২০৩ জন, সুনামগঞ্জ জেলায় ৩০ জন, মৌলভীবাজার জেলায় ২৪ জন ও হবিগঞ্জ জেলায় ৩৬ মিলিয়ে ২৯৩ জন। আগের দিন ১৪০ জন সুস্থ হয়েছিল।