সিলেট বিভাগে নমুনা পরীক্ষা করোনায় শনাক্ত সংখ্যা ও মৃত্যু সবই কমেছে

প্রকাশিত July 19, 2021
সিলেট বিভাগে নমুনা পরীক্ষা করোনায় শনাক্ত সংখ্যা ও মৃত্যু সবই কমেছে

দীপ্র আসিফুল হাই : সিলেট বিভাগের চার জেলায় করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা কমেছে। কমেছে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার এবং মৃত্যুও। অন্যদিকে সুস্থ হয়ে উঠার সংখ্যা বেশ বেড়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৪৮৬ জনের, যা রবিবারে শনাক্তের চেয়ে ১৯৫ জন কম। এই সময়ে আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষাও কম হয়।
সিলেট বিভাগে ১৩৫৬টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ৭৪২, সুনামগঞ্জে ১০১, মৌলভীবাজারে ২৫৮ ও হবিগঞ্জে ২৫৫। এরমধ্যে সিলেটে ২৮১ জন, সুনামগঞ্জে ৪১ জন, মৌলভীবাজারে ১০৭ জন ও হবিগঞ্জে ৫৭ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার কমে হয়েছে ৩৫ দশমিক ৮৪। জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৩৭ দশমিক ৮৭, সুনামগঞ্জে ৪০ দশমিক ৫৯, মৌলভীবাজারে ২২ দশমিক ৩৫ ও হবিগঞ্জে ৪১ দশমিক ৪৭।
এই সময়ে মৃত্যু হয়েছে ৭ জনের। এর মধ্যে ৬ জন সিলেট জেলায় ও একজন মৌলভীবাজার জেলায় মারা গেছে। আগের দিন ১২ জন মারা গিয়েছিল।
অন্যদিকে সুস্থ হয়েছে, সিলেট জেলায় ১৮৪ জন, সুনামগঞ্জ জেলায় ২১ জন, মৌলভীবাজার জেলায় ৪২ জন ও হবিগঞ্জ জেলায় ২১ জন মিলিয়ে ২৭৮ জন। আগের দিন ২২৬ জন সুস্থ হয়েছিল।