সিলেট বিভাগে করোনা শনাক্তের হার বাড়ছেই : শীর্ষে সিলেট জেলা

প্রকাশিত August 14, 2021
সিলেট বিভাগে করোনা শনাক্তের হার বাড়ছেই : শীর্ষে সিলেট জেলা

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মহামারি করোনায় আক্রান্ত শনাক্তের হার বেড়েই চলেছে। এ ক্ষেত্রে শীর্ষে রয়েছে সিলেট জেলা। এখানে অধিক হারে মৃত্যুও হচ্ছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৩৪৩ জনের, যা শুক্রবারে শনাক্তের চেয়ে ১৮৮ জন কম। আগেরদিন ৫৩১ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল; কিন্তু নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সিলেট বিভাগে ১ হাজার ৫১টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ৫০৪, সুনামগঞ্জে ১২৫, মৌলভীবাজারে ২৮৫ ও হবিগঞ্জে ১৩৭। এরমধ্যে সিলেটে ২২১ জন, সুনামগঞ্জে ১৮ জন, মৌলভীবাজারে ৭৪ জন ও হবিগঞ্জে ৩০ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার ৩২ দশমিক ৬৪। শুক্রবারে ছিল ৩১ দশমিক ৬১। সর্বশেষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৪৩ দশমিক ৮৫, সুনামগঞ্জে ১৪ দশমিক ৪০, মৌলভীবাজারে ২৫ দশমিক ৯৬ ও হবিগঞ্জে ২১ দশমিক ৯০।
এদিকে সিলেট জেলায় নমুনা পরীক্ষার তুলনায় পরপর ৩ দিনের করোনা আক্রান্ত শনাক্তের হার হলো, বৃহস্পতিবার ৩৪ দশমিক ৯৯, শুক্রবার ৩৮ দশমিক ২০ ও শনিবার ৪৩ দশমিক ৮৫। ফলে জনমনে আতংক আরো বেড়েই চলেছে, যদিও সেই তুলনায় স্বাস্থ্যবিধি মানার মানসিকতা লক্ষ্য করা যাচ্ছেনা।
এই সময়ে মৃত্যু হয়েছে ১১ জনের। এরমধ্যে সিলেট জেলায় ১০ ও সুনামগঞ্জ জেলায় ১ জন মারা গেছেন। আগের দিন বিভাগে ৮ জন মারা গিয়েছিলেন।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ৩৪৯ জন ও মৌলভীবাজার জেলায় ১২৮ জন মিলিয়ে ৪৭৭ জন। আগের দিন ৫৫১ জন সুস্থ হয়েছিলেন।