নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মহামারি করোনায় নমুনা পরীক্ষা, আক্রান্তের সংখ্যা ও শনাক্তের হার আরো বেড়েছে। বেড়েছে সুস্থ হওয়ার সংখ্যাও। তবে মৃত্যু কমেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২৯০ জনের, যা রবিবারে শনাক্তের চেয়ে ১১৭ জন বেশি। আগেরদিন ১৭৩ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল।
সিলেট বিভাগে ১ হাজার ৩৯৬টি নমুনা পরীক্ষা হয়। আগের দিন এ সংখ্যা ছিল ৯৭৭। জেলা ভিত্তিক সর্বশেষ সংখ্যা হলো, সিলেটে ৫১৫, সুনামগঞ্জে ১১২, মৌলভীবাজারে ১৮৮ ও হবিগঞ্জে ৫৮১। এরমধ্যে সিলেটে ৮০ জন, সুনামগঞ্জে ১২ জন, মৌলভীবাজারে ৩৯ জন ও হবিগঞ্জে ১৫৯ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার ২০ দশমিক ৭৭। শনিবারে ছিল ১৭ দশমিক ৭১। অর্থাৎ ৩ দশমিক ০৬ শতাংশ বেড়েছে। সর্বশেষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ১৫ দশমিক ৫৩, সুনামগঞ্জে ১০ দশমিক ৭১, মৌলভীবাজারে ২০ দশমিক ৭৪ ও হবিগঞ্জে ২৭ দশমিক ৩৭ শতাংশ।
এই সময়ে মৃত্যু হয়েছে ৭ জনের। এর মধ্যে ৬ জন সিলেট জেলায় ও ১ জন মৌলভীবাজার জেলায় মারা গেছেন। আগেরদিন বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছিল।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ১২৭ জন, সুনামগঞ্জ জেলায় ৫৫ জন, মৌলভীবাজার জেলায় ৭৩ জন ও হবিগঞ্জ জেলায় ৪ জন মিলিয়ে ২৫৯ জন। আগের দিন ১৬৭ জন সুস্থ হয়েছিলেন।