সিলেট বিভাগে করোনায় আবারও মৃত্যু আক্রান্ত ও শনাক্তের হার বৃদ্ধি

প্রকাশিত July 16, 2021
সিলেট বিভাগে করোনায় আবারও মৃত্যু আক্রান্ত ও শনাক্তের হার বৃদ্ধি

দীপ্র আসিফুল হাই : সিলেট বিভাগের চার জেলায় করোনায় মৃত্যু, আক্রান্ত ও শনাক্তের হার আবারও বেড়ে গেছে। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে বরাবরের মতোই শীর্ষে সিলেট। একইভাবে শনাক্তের ক্ষেত্রে হবিগঞ্জ এখনো সবার উপরে রয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৫৮৪ জনের, যা বৃহস্পতিবারে শনাক্তের চেয়ে ৪৬ জন বেশি।
সিলেট বিভাগে ১২৯৮টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ৬৯০, সুনামগঞ্জে ৯৭, মৌলভীবাজারে ২৭৩ ও হবিগঞ্জে ২৩৮। এরমধ্যে সিলেটে ৩১৩ জন, সুনামগঞ্জে ৩৮ জন, মৌলভীবাজারে ১১৩ জন ও হবিগঞ্জে ১২০ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
বিভাগে গড় শনাক্তের শতকরা হার বেড়ে দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৯৯। জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৪৫ দশমিক ৩৬, সুনামগঞ্জে ৩৯ দশমিক ১৮, মৌলভীবাজারে ৪১ দশমিক ৩৯ ও হবিগঞ্জে ৫০ দশমিক ৪২।
এই সময়ে মারা গেছে ৯ জন। এর মাঝে ৭ জনই সিলেট জেলার। অন্যদের মধ্যে ১ জন সুনামগঞ্জ জেলার ও ১ জন হবিগঞ্জ জেলার অধিবাসী। আগের দিন ৩ মারা গিয়েছিল।
অন্যদিকে সুস্থ হয়েছে, সিলেট জেলায় ১৯২ জন, মৌলভীবাজার জেলায় ৪৬ জন ও হবিগঞ্জ জেলায় ৫ জন মিলিয়ে ২৪৩ জন। আগের দিন ২৭৭ জন সুস্থ হয়েছিল।