সিলেট বিভাগে করোনার সব সূচক বৃদ্ধি : পরিস্থিতির আরো অবনতির শংকা

প্রকাশিত July 30, 2021
সিলেট বিভাগে করোনার সব সূচক বৃদ্ধি : পরিস্থিতির আরো অবনতির শংকা

দীপ্র আসিফুল হাই : সিলেট বিভাগে মহামারি করোনার সকল সূচক বেড়ে গেছে। আবারো একদিনে মারা গেছেন ১৭ জন। বেড়ে গেছে নমুনা পরীক্ষা, আক্রান্ত ও শনাক্তের হার। অন্যদিকে সুস্থ হয়ে উঠার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৮০২ জনের, যা বৃহস্পতিবারে শনাক্তের চেয়ে ১৪২ জন বেশি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হারও ৩ দশমিক ২৬ শতাংশ বেশি।
সিলেট বিভাগে ১ হাজার ৮৩৩টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ৯১৬, সুনামগঞ্জে ৩৪৬, মৌলভীবাজারে ৪১০ ও হবিগঞ্জে ১৬১। এরমধ্যে সিলেটে ৪৬৪ জন, সুনামগঞ্জে ১২১ জন, মৌলভীবাজারে ১৬৬ জন ও হবিগঞ্জে ৫১ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার ৪৩ দশমিক ৭৫। আগের দিন ছিল ৪০ দশমিক ৪৯। সর্বশেষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৫০ দশমিক ৬৬, সুনামগঞ্জে ৩৪ দশমিক ৯৭, মৌলভীবাজারে ৩১ দশমিক ৬৮ ও হবিগঞ্জে ৪০ দশমিক ৪৯।
এই সময়ে মৃত্যু হয়েছে ১৭ জনের। এরমধ্যে ১৪ জনই মারা গেছেন সিলেট জেলায়। অন্য ৩ জনের মৃত্যু হয়েছে মৌলভীবাজার জেলায়। আগের দিন ১২ জন মারা গিয়েছিলেন।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ২৩৯ জন, সুনামগঞ্জ জেলায় ৩২ জন, মৌলভীবাজার জেলায় ১০৬ জন ও হবিগঞ্জ জেলায় ৩৬ জন মিলিয়ে ৪১৩ জন। আগের দিন ৩৩৩ জন সুস্থ হয়েছিলেন।