সিলেট বিভাগে করোনার নমুনা পরীক্ষা ও আক্রান্ত সংখ্যা নেমে এসেছে অর্ধেকে

প্রকাশিত August 7, 2021
সিলেট বিভাগে করোনার নমুনা পরীক্ষা ও আক্রান্ত সংখ্যা নেমে এসেছে অর্ধেকে

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মহামারি করোনার নমুনা পরীক্ষা ও নতুন করে আক্রান্তের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। অন্যদিকে কমে গেছে সুস্থ হয়ে উঠার সংখ্যাও। এছাড়া একদিনে আরো ৪ জনের মৃত্যু হয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৩৫২ জনের, যা শুক্রবারে শনাক্তের চেয়ে ৪০৬ জন কম। আগেরদিন ৭৫৮ জনের শরীর করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল।
সিলেট বিভাগে ১ হাজার ৫৫টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ৫৭৪, সুনামগঞ্জে ১৫১, মৌলভীবাজারে ১১০ ও হবিগঞ্জে ২২০। এরমধ্যে সিলেটে ১৮২ জন, সুনামগঞ্জে ৩৭ জন, মৌলভীবাজারে ৩৪ জন ও হবিগঞ্জে ৯৯ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার ৩৩ দশমিক ৩৬। শুক্রবাবে ছিল ৩৮ দশমিক ৫৪। সর্বশেষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৩১ দশমিক ৭১, সুনামগঞ্জে ২৪ দশমিক ৫০, মৌলভীবাজারে ৪৫ ও হবিগঞ্জে ৩০ দশমিক ৯১।
এই সময়ে মৃত্যু হয়েছে ৪ জনের। সবাই মারা গেছেন সিলেট জেলায়। আগের দিন ১৬ জন মারা গিয়েছিলেন।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ৮৫ জন ও মৌলভীবাজার জেলায় ১ জন। আগের দিন চার জেলায় ২৭৫ জন সুস্থ হয়েছিলেন।