সিলেট বিভাগে করোনার চারটি সূচক এখনো উর্ধ্বমুখী : কমলো মুত্যু

প্রকাশিত September 2, 2021
সিলেট বিভাগে করোনার চারটি সূচক এখনো উর্ধ্বমুখী : কমলো মুত্যু

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মহামারি করোনার নমুনা পরীক্ষা, নতুন আক্রান্ত ও শনাক্তের হার এখনো বেশ উর্ধ্বমুখী। সুস্থতাও বেড়েছে বড় অংকের সংখ্যায়। তবে মৃত্যু কমেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ১০৯ জনের, যা বুধবারে শনাক্তের চেয়ে ২০ জন বেশি। আগেরদিন ৮৯ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল।
সিলেট বিভাগে ৮৮৮টি নমুনা পরীক্ষা হয়। আগের দিন এ সংখ্যা ছিল ৮৭২। জেলা ভিত্তিক সর্বশেষ সংখ্যা হলো, সিলেটে ৫২৯, সুনামগঞ্জে ১২৪, মৌলভীবাজারে ১১৮ ও হবিগঞ্জে ১১৭। এরমধ্যে সিলেটে ৫২ জন, সুনামগঞ্জে ২৩ জন, মৌলভীবাজারে ১৪ জন ও হবিগঞ্জে ২০ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার ১২ দশমিক ২৭। মঙ্গলবারে ছিল ১০ দশমিক ২১। অর্থাৎ ২ দশমিক ০৬ শতাংশ বেড়ে গেছে। সর্বশেষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৯ দশমিক ৮৩, সুনামগঞ্জে ১৮ দশমিক ৫৫, মৌলভীবাজারে ১১ দশমিক ৮৬ ও হবিগঞ্জে ১৭ দশমিক ০৯ শতাংশ।
এই সময়ে মৃত্যু হয়েছে ৭ জনের। সবাই মারা গেছেন সিলেট জেলায়। আগেরদিন বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছিল।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ১০৯ জন, সুনামগঞ্জ জেলায় ৩২৫ জন, মৌলভীবাজার জেলায় ৩৬ জন ও হবিগঞ্জ জেলায় ১০ জন মিলিয়ে ৪৮০ জন। আগের দিন ৩২০ জন সুস্থ হয়েছিলেন।