সিলেট বিভাগে কমেছে করোনায় আক্রান্তের সংখ্যা : বেড়েছে শনাক্ত হার

প্রকাশিত August 20, 2021
সিলেট বিভাগে কমেছে করোনায় আক্রান্তের সংখ্যা : বেড়েছে শনাক্ত হার

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মহামারি করোনায় নমুনা পরীক্ষা ও আক্রান্তের সংখ্যা কমলেও শনাক্তের হার আরো বেড়ে গেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৩২১ জনের, যা বৃহস্পতিবারে শনাক্তের চেয়ে ১৫৭ জন কম। আগেরদিন ৪৭৮ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল।
সিলেট বিভাগে ১ হাজার ৩৪২টি নমুনা পরীক্ষা হয়। আগের দিন এ সংখ্যা ছিল ২ হাজার ৩৩। জেলা ভিত্তিক সর্বশেষ সংখ্যা হলো, সিলেটে ৭০৫, সুনামগঞ্জে ২১৩, মৌলভীবাজারে ২৩২ ও হবিগঞ্জে ১৯২। এরমধ্যে সিলেটে ১৯৯ জন, সুনামগঞ্জে ৩৬ জন, মৌলভীবাজারে ৪৮ জন ও হবিগঞ্জে ৩৮ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার ২৩ দশমিক ৯২। সোমবারে ছিল ২৩ দশমিক ৫১। অর্থাৎ শূন্য দশমিক ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ২৮ দশমিক ২৩, সুনামগঞ্জে ১৬ দশমিক ৯০, মৌলভীবাজারে ২০ দশমিক ৬৯ ও হবিগঞ্জে ১৯ দশমিক ৭৯ শতাংশ।
এই সময়ে মৃত্যু হয়েছে ৭ জনের। এর মধ্যে ৬ জনই মারা গেছেন সিলেট জেলায়। এছাড়া সুনামগঞ্জ জেলায় ১ জন মারা গেছেন। আগের দিন বিভাগে ২২ জনের মৃত্যু হয়েছিল।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ৪২১ জন, সুনামগঞ্জ জেলায় ৬৯ জন, মৌলভীবাজার জেলায় ৫৫ জন ও হবিগঞ্জ জেলায় ৬৬ জন মিলিয়ে ৬১১ জন। আগের দিন ৫৯৭ জন সুস্থ হয়েছিলেন।