সিলেট বিভাগের তিন দিনব্যপী লোকসংস্কৃতি উৎসব শেষ হচ্ছে আজ

প্রকাশিত March 31, 2022
সিলেট বিভাগের তিন দিনব্যপী লোকসংস্কৃতি উৎসব শেষ হচ্ছে আজ

সাংস্কৃতিক প্রতিবেদক : বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ভারতীয় হাই কমিশনের সহযোগিতায় আয়োজিত সংগঠনের সিলেট বিভাগের ৩ দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে।
ঐতিহ্যবাহী ক্বিনব্রিজ ও আলী আমজদের ঘড়ি এলাকায় সমাপনী দিনের পরিবেশনাও শুরু হবে যথারীতি বিকেল ৫টায়। এতে থাকছে মণিপুরীনৃত্য, লোকনৃত্য, লোকগীতি, পালানাটক ও আইলামবরসহ ভারত থেকে আগত শিল্পীদের পরিবেশনা।
বুধবার দ্বিতীয় দিনেও লোকসংস্কৃতি উৎসব হাজার বছরের লোক ঐতিহ্যের নানা পরিবেশনায় বর্ণিল হয়ে উঠে। প্রথম থেকে শেষপর্যন্ত এলাকাজুড়ে তিল ধারণের ঠাঁই ছিলনা।
অনুষ্ঠানমালায় ছিল, কাঠি ও ঝুমুর নৃত্য, ঐতিহ্যবাহী লাঠি খেলা, ধামাইল গান ও নাচ, লোকনৃত্য, নজরুলের লোকগান, রবীন্দ্রনাথের লোকগান, সমবেত বাউল পরিবেশনা, পুঁথিপাঠ, একক পরিবেশনা ও লোকনাটক।
অতিথি হিসেবে লোকসাহিত্য নিয়ে কথামালা উপস্থাপন করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়য়ের নাটক ও নাট্যকলা বিভাগের অধ্যাপক ড লুৎফর রহমান, বিশিষ্ট লোকগবেষক ও কবি মোস্তাক আহমাদ দীন এবং লোকগবেষক ও লেখক সুমরকুমার দাশ।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল। আমন্ত্রিত দলগুলোর হাতে উৎসব স্মারক তুলে দেন, বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, ভারতীয় সহকারী হাই কমিশনারের সহধর্মিণী নীতা জয়সওয়াল, বাংলাদেশ গ্রাম থিয়েটারের দপ্তর সম্পাদক জোবায়ের শিবলী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, বিশিষ্ট নাট্যসংগঠক আমিরুল ইসলাম বাবু ও খোয়াজ রহিম সবুজ ।
বাংলাদেশ গ্রাম থিয়েটার সিলেট বিভাগের সমন্বয়কারী রজত কান্তি গুপ্তের তত্ত্বাবধানে এবং সংগঠনের এম এ জি ওসমানী অঞ্চলের সমন্বয়কারী সৈয়দ সাইমুম আনজুম ইভান ও নাট্যশিল্পী জান্নাতুল নাজনীন আশার সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেয়, দেয়ন্দী চা বাগানের প্রতিক থিয়েটার, মোগলাবাজারের শাহজালাল লাঠিয়াল বাহিনী, শ্রীমঙ্গলের ধামাইল একাডেমি, সিলেটের নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা, নৃত্যালয়, ললিত মঞ্জরী, আরকুম শাহ শিল্পী গোষ্ঠী ও নাট্যমঞ্চ সিলেট। এছাড়াও পুঁথিপাঠ করেন, খোকন ফকির। একক সংগীত পরিবেশন করেন, মালতী পাল ও বাউল কালা মিয়া।