সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ ২০২২-২৩ শুরু ৬ অক্টোবর || অংশ নিচ্ছে ১০টি দল

প্রকাশিত October 2, 2022
সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ ২০২২-২৩ শুরু ৬ অক্টোবর || অংশ নিচ্ছে ১০টি দল

ক্রীড়া প্রতিবেদক : ফ্যাশন হাউস মাহার পৃষ্ঠপোষকতায় সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ ২০২২-২৩ আগামী বৃহস্পতিবার, ৬ অক্টোবর শুরু হচ্ছে।
সিলেট জেলা স্টেডিয়ামে দুপুর আড়াইটায় মাসব্যাপী এ ফুটবল আসর উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো মজিবর রহমান। বিকেল ৩টায় উদ্বোধনী খেলা আরম্ভ হবে।
রবিবার বিকেলে জেলা ক্রীড়া ভবনের সম্মেলন কক্ষে আহুত সংবাদ সম্মেলনে সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট নিজাম উদ্দিন এ তথ্য জানান।
তিনি জানান, করোনার কারণে ২০২০-২১ ও ২০২১-২২ সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ হয়নি। আশা করা হচ্ছে, এবারও যথাসময়েই খেলা শেষ হবে।
সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগে অংশগ্রহণ করবে, সিলেট ইউনাইটেড ক্লাব, গ্লোরিয়ার্স স্পোর্টিং ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, কসমস ক্লাব, জনতা ক্লাব, টিলাগড় ক্লাব, সিলেট স্পোর্টিং ক্লাব, আবাহনী ক্রীড়াচক্র সিলেট, লাউয়াই স্পোর্টিং ক্লাব ও বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র। সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের ফুটবল বিধি-উপবিধি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিধি-উপবিধি অনুযায়ী খেলা পরিচালিত হবে।
সংবাদ সম্মেলনে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি বিজিত চৌধুরী ও সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের সদস্য সচিব মিলাদ আহমদ সহ সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।