নিজস্ব প্রতিবেদক : খ্রিস্টিয় নববর্ষ উপলক্ষ্যে সিলেট জেলা প্রেসক্লাবের বিদায়ী কার্যনির্বাহী পরিষদ ও নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়েছে।
রবিবার সন্ধ্যায় মহানগরীর পূর্ব জিন্দাবাজারের বারুতখানায় সিলমার্ট কমপ্লেক্সে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ শুভেচ্ছা বিনিময় হয়।
শুভেচ্ছা বিনিময়কালে সংগঠনের বর্তমান সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আল আজাদ বলেন, নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদে হাসিনা বেগম চৌধুরী সভাপতি নির্বাচিত হওয়ার মাধ্যমে সিলেটের সাংবাদিকতার ইতিহাসে নতুন অধ্যায় সংযোজিত হয়েছে।
তিনি বলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যরা অত্যন্ত সুচিন্তিতভাবে শনিবার অনুষ্ঠিত নির্বাচনে রায় দিয়েছেন। এর মধ্য দিয়ে নারীর সমঅধিকার প্রতিষ্ঠার নতুন নজির সৃষ্টি হলো।
উল্লেখ্য, সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচনে সমতার নেতৃত্ব প্রতিষ্ঠার আহবান জানিয়ে হাসিনা বেগম চৌধুরী ও শাহ দিদার আলম চৌধুরী নবেলের নেতৃত্বে প্যানেল ১৫টি পদের মধ্যে ১২টি লাভ করেছে।
নবনির্বাচিত সভাপতি হাসিনা বেগম চৌধুরী বলেন, এ বিজয় সিলেট জেলা প্রেসক্লাবের উদার মন-মানসিকতার প্রত্যেক সদস্যের, যারা কর্মক্ষেত্রে নারী-পুরুষে ভেদাভেদে বিশ্বাস করেননা।
আগামী দিনগুলোতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদায়ী কার্যনির্বাহী পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি মঈন উদ্দিন, নবনির্বাচিত জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান মনির, নবনির্বাচিত সহসভাপতি সাঈদ চৌধুরী টিপু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল, নবনির্বাচিত সহসাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, বিদায়ী কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, নবনির্বাচিত কোষাধ্যক্ষ আনন্দ সরকার, বিদায়ী ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাস, নবনির্বাচিত ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, বিদায়ী তথ্য ও প্রযুক্তি সম্পাদক, নবনির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান সুমন, নবনির্বাচিত তথ্য ও প্রযুক্তি সম্পাদক এনামুল কবির, বিদায়ী দপ্তর সম্পাদক এস এম সুজন, নবনির্বাচিত দপ্তর সম্পাদক মো আব্দুল আহাদ, নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্য শাহীন আহমদ ও মো আনোয়ার হোসেন।