সিলেট অঞ্চলে বিনিয়োগ ত্বরান্বিত করতে ও অর্থনৈতিক খাতে সিলেটকে এগিয়ে নিতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড ফজলে এলাহী মোহাম্মদ ফয়সালের তত্ত্বাবধানে ‘সিলেট জেলার ১৩টি উপজেলায় বিনিয়োগের সম্ভাবনা’ শীর্ষক একটি গবেষণাপত্র তৈরি করা হয়েছে।
শনিবার, ৪ নভেম্বর দুপুরে সিলেট চেম্বারের ভবনে সংগঠনের সভাপতি তাহমিন আহমদের নিকট গবেষণা পত্রটি হস্তান্তর করেন অধ্যাপক ড ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল। এই গবেষণাপত্র থেকে বিনিয়োগকারীগণ সিলেটের কোন উপজেলায় কি ধরনের শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা যায়, এসব এলাকায় কি কি কাঁচামাল রয়েছে এবং কি ধরনের পণ্য এখন উৎপাদিত হয় সে সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন।
গবেষণাপত্রটি তৈরির লক্ষ্যে ইতোপূর্বে সিলেট চেম্বারের উদ্যোগে সিলেট জেলার বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি ও সফল উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা ও জরিপ চালানো হয়।
গবেষণাপত্রে সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ডেইরি ফার্ম, হাঁস-মুরগির খামার, মৎস্য খামার, ফুড প্রসেসিং, ফিশ প্রসেসিং, হ্যাচারি, কোল্ড স্টোরেজ, সিরামিক ফ্যাক্টরি, সিমেন্ট ফ্যাক্টরি, পর্যটন, রাবার উৎপাদন, ব্রিক ফিল্ড, পাওয়ার ও সোলার প্ল্যান্ট, গ্লাস ফ্যাক্টরি, বেকারি, আলু, বাদাম ও তরমুজ চাষ, অটো রাইস মিল, ফ্রুটস প্রসেসিং প্ল্যান্ট ইত্যাদি খাতকে সম্ভাবনাময় হিসেবে উল্লেখ করা হয়েছে।
গবেষণাপত্রটি তৈরিতে সার্বিক সহযোগিতার জন্য এসসিসিআই সভাপতি তাহমিন আহমদ শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল ও বিভিন্ন উপজেলার সফল উদ্যোক্তাগণ সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
গবেষণাপত্র হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সচিব মো গোলাম আক্তার ফারুক ও উপ সচিব সানু উদ্দিন রুবেল। সংবাদ বিজ্ঞপ্তি