নিজস্ব প্রতিবেদক : সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাথে বাংলাদেশ সফররত গারকো-ফাস ইউকের প্রতিনিধিদল মতবিনিময় করেছে।
রবিবার বিকেলে চেম্বার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্যবসা ও শিক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও আবাসিক ভবনের অগ্নিনিরাপত্তা নিয়ে আলোচনা হয়।
এতে বলা হয়, মানুষের জানমালের নিরাপত্তার জন্য ভবনে সবধরনের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি; কিন্তু অনেক ক্ষেত্রে তা না হওয়ায় অগ্নিকাণ্ডে প্রাণহানি ঘটছে।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসসিসিআই সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, সিলেট চেম্বার অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে কাজ করতে আগ্রহী। এ প্রতিষ্ঠানটি দেশে প্রবাসী বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যেও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
গারকো-ফাস ইউকের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ইউরোপিয়ান-বাংলাদেশ ফেডারেশন অব চেম্বার অব কমার্সের সভাপতি ও গারকো-ফাস ইউকের বিজনেস এডভাইজার ড ওয়ালি তছর উদ্দিন এমবিই, গারকো-ফাসের ম্যানেজিং ডিরেক্টর মাইকেল এন্ডারসন ও লিড কনসালটেন্ট ইউকে এন্ড ইউরোপ ডগলাস স্যাম্পসন।