নিজস্ব প্রতিবেদক : আসামের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা রপ্তানি বাণিজ্য বৃদ্ধিতে যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে গুরুত্ব আরোপ করে বাংলাদেশ ও ভারতের মধ্যকার আমদানি-রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান সমস্যাবলী সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রস্তাবনায় সমাধানের আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার ভারতের আসামের গোয়াহাটিতে অনুষ্ঠিত ২য় নর্থ-ইস্ট ইন্ডিয়া বায়ার-সেলার মিটে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আশ্বাস দেন।
প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক জোরদারকরণের লক্ষ্যে ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, আসাম সরকার ও ভারতের কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ২৬ সদস্য বিশিষ্ট এক প্রতিনিধিদল এতে যোগদান করেন।
২য় নর্থ-ইস্ট ইন্ডিয়া বায়ার-সেলার মিটে গেস্ট অফ অনার ছিলেন, ভারত সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড রাজকুমার রঞ্জন সিং সম্মেলনে কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, হস্তশিল্প, খনিজ সম্পদ, পণ্য উৎপাদন এবং আমদানি-রপ্তানি বিষয়ে প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
এফবিসিসিআইর পক্ষ থেকে বক্তব্য রাখেন, প্রতিনিধিদলের প্রধান, এফবিসিসিআইর সহ সভাপতি মো আমিন হেলালী।
সিলেট চেম্বার সভাপতি ও এফবিসিসিআইর পরিচালক তাহমিন আহমদ বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের সঙ্গে বাংলাদেশের বিশাল বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।
তিনি এই বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে বাণিজ্যের ক্ষেত্রে বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধানে আসামের মুখ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করে বলেন, আমদানি-রপ্তানির ক্ষেত্রে বর্তমানে অনেক বাধা রয়েছে।
এই বাধাগুলো দূর করতে সিলেট চেম্বার সভাপতি সিলেটের সঙ্গে আমদানি-রপ্তানির বিদ্যমান সমস্যা সমূহ সমাধানের প্রস্তাবনা প্রধান অতিথির হাতে তুলে দেন।
প্রস্তাবনায় উল্লেখ করা হয় যে, বর্তমানে ভারত থেকে বাংলাদেশে প্রচুর পণ্য রপ্তানি হয়; কিন্তু অনেক সময় কোন নোটিশ ছাড়াই ভারতীয় সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। ফলে বাংলাদেশী আমদানিকারকগণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন।
প্রস্তাবনায় বাংলাদেশী আমদানিকারকদের ক্ষতি থেকে বাঁচাতে আগাম নোটিশ ব্যতিরেকে সীমান্ত বন্ধ না করার জন্য ভারত সরকারকে অনুরোধ জানানো হয়েছে।
এছাড়াও দুই দেশের বাণিজ্য সহজীকরণ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে ভারতের সীমান্ত সংলগ্ন স্থানে রপ্তানি পণ্যের সার্টিফিকেটিং এজেন্সি স্থাপনের অথবা বিএসটিআইর সার্টিফিকেট গ্রহণের আহবান জানানো হয়েছে।
প্রস্তাবনায় বাংলাদেশ ও আসাম রাজ্যের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজতর করার লক্ষ্যে নদীপথে লাইটার জাহাজ চালানো, বাংলাদেশের আমদানিকারকগণের নিজস্ব জায়গায় কয়লা ও পাথর ডাম্পিংয়ে বিএসএফের বাধা প্রদান না করা, সিলেটের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে গোয়াহাটি-শিলচর-করিমগঞ্জ-সুতারকান্দি রুটে বাস সার্ভিস চালু এবং ভোলাগঞ্জ ও ছাতকের যাদুকাটা নদীপথের বিপরীতে ভারতীয় অংশে ইমিগ্রেশন চালুর অনুরোধ জানানো হয়েছে।
সম্মেলনে ভারত, বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, লাওস ও ভূটানের আমদানি-রপ্তানিকারক ও সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ যোগদান করেন।
উল্লেখ্য, বায়ার-সেলার মিটে কৃষি পণ্য যেমন জ্যাম, জেলি, হ্যান্ডিক্রাফট ও এসএমই পণ্যসহ বিভিন্ন স্থানীয় উৎপাদনশীল পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে বায়ার-সেলাররা বিটুবি মিটিংয়ের মাধ্যমে পণ্য সমূহ প্রদর্শনপূর্বক পণ্যের গুণগত মান দেখে আমদানি-রপ্তানির সুযোগ গ্রহণ করেন।
এফবিসিসিআইর সহসভাপতি মো আমিন হেলালীর নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন এফবিসিসিআইর পরিচালক আবু মোতালেব, সাবেক পরিচালক খন্দকার রুহুল আমিন, বাংলাদেশ মোবাইল ফোন বিজনেসম্যান এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন জিতু, এফবিসিসিআইর প্রতিনিধি মো নিয়াজ আলী চিশতি, মোহাম্মদ আওলাদ হোসেন রাজিব, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ সেলিম, সৈয়দ মো আতিকুল হাসান, মো আব্দুল ওয়াহেদ তমাল, সিলেট চেম্বার সভাপতি ও এফবিসিসিআইর পরিচালক তাহমিন আহমদ, সহসভাপতি মো আতিক হোসেন, পরিচালক মো হিজকিল গুলজার, মুশফিক জায়গীরদার, মুজিবুর রহমান মিন্টু, সরোয়ার হোসেন ছেদু, মো মামুন কিবরিয়া সুমন, চন্দন সাহা ও সদস্য মো জাকির হোসেন।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি