সিলেট চেম্বারের উদ্যোগে সরকারি আলিয়া মাদরাসা মাঠে ন্যায্যমূল্যের ‘রমজান বাজার’ চালু

প্রকাশিত March 12, 2024
সিলেট চেম্বারের উদ্যোগে সরকারি আলিয়া মাদরাসা মাঠে ন্যায্যমূল্যের ‘রমজান বাজার’ চালু

পবিত্র রমজান মাসে ভোক্তাসাধারণকে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সরবরাহের লক্ষ্যে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ‘রমজান বাজার’ চালু হয়েছে।
এতে সহযোগিতায় রয়েছে সিলেট সিটি কর্পোরেশন এবং জেলা ও পুলিশ প্রশাসন। মঙ্গলবার, ১২ মার্চ (২৮ ফাল্গুন) দুপুরে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী রমজান বাজার উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, পবিত্র রমজান মাসে ভোক্তাসাধারণের সুবিধার কথা চিন্তা করে ‘রমজান বাজার’ চালু করা হয়েছে। এখান থেকে সারা রমজান ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সরবরাহ করা হবে।
এতে নগরবাসীর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে মেয়র আশা প্রকাশ করেন।
সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ বলেন, প্রতি বছর রমজান মাস এলেই কিছু অসাধু ব্যক্তি সিন্ডিকেট সৃষ্টির মাধ্যমে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির পাঁয়তারা করে থাকে। এছাড়াও ভেজাল পণ্য মজুদ ও ভোক্তাদের নিকট বিক্রির অভিযোগ প্রায়ই পাওয়া যায়। এ বিষয়টি চিন্তা করে ভোক্তাসাধারণকে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করতে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এ উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি দেশের সকল জেলায় ব্যবসায়ী সংগঠনগুলোকে এরকম উদ্যোগ গ্রহণের আহবান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো সেলিম, সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মো এমদাদ হোসেন, সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী, পরিচালক মুজিবুর রহমান মিন্টু, ফাহিম আহমদ চৌধুরী, দেবাংশু দাস, সারোয়ার হোসেন ছেদু, শান্ত দেব, মো রিমাদ আহমদ রুবেল, মো মাহবুবুল হাফিজ চৌধুরী মুসফিক, সাবেক পরিচালক মো আব্দুর রহমান (জামিল), সচিব মো গোলাম আক্তার ফারুক, উপসচিব সানু উদ্দিন রুবেল ও দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড মিসবাউর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি