অতিসত্বর পূর্বের ন্যায় সিলেট গ্যাস ফিল্ডস থেকে পেট্রোল সরবরাহ না করলে সিলেটের জ্বালানি তেল ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দিয়েছেন।
মঙ্গলবার দক্ষিণ সুরমায় কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশন ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সিলেট বিভাগের এক যৌথসভায় এই হুশিয়ারি দেওয়া হয়।
যৌথসভায় অভিযোগ করা হয়, বিএসটিআইর মান অনুযায়ী উৎপাদিত নয়-এমন অজুহাত দেখিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-বিপিসি ১ সেপ্টেম্বর থেকে সিলেট গ্যাস ফিল্ডস হতে পেট্রােল ক্রয় বন্ধ রেখেছে। ফলে বাজারে দেখা দিয়েছে পেট্রোলের চরম সংকট। এক অদৃশ্য শক্তির ইশারায় এই পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে।
সার্বিক পরিস্থিতি তুলে ধরে যৌথসভায় বলা হয়, প্রায় ৩০ বছর যাবৎ বিপিসি সিলেট গ্যাস ফিল্ডস থেকে পেট্রোল, কেরোসিন ও ডিজেল কিনে সারাদেশের চাহিদা পূরণ করছে। ২০১৯-২০ অর্থ বছরের হিসেব অনুযায়ী দেশের মোট চাহিদার ৬১ শতাংশ পেট্রোল, ৮৭ শতাংশ কেরোসিন ও ১৫ শতাংশ ডিজেল সরবরাহ করে সিলেট গ্যাস ফিল্ডস। এখন বিপিসি বিএসটিআইর দোহাই দিয়ে চট্টগ্রাম থেকে যে পেট্রোল সরবরাহ করছে তা অত্যন্ত নিম্নমানের। এই পেট্রোল সম্পর্কে ক্রেতাদের অভিযোগের শেষ নেই।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশনের সভাপতি মো মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চেীধুরীর পরিচালনায় যৌথসভায় ক্তব্য রাখেন, পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশনের সহ সভাপতি আবু সুলতান মোহাম্মদ ইদ্রিছ, ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন আহমদ, সহ সভাপতি খান মোহাম্মদ ফরিদ উদ্দিন, কোষাধ্যক্ষ নূরুল ওয়াছে আলতাফী, পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশনে যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো ফয়জুল ইসলাম, কোষাধ্যক্ষ সিরাজুল হোসেন আহমদ ও সাংগঠনিক সম্পাদক আখতার ফারুক লিটন।
নেতৃবৃন্দ বলেন, গত ৩০ বছর যাবৎ দেশীয় সম্পদ সিলেট গ্যাস ফিল্ডসের পেট্রোল বাজারে রয়েছে এবং দেশের যানবাহনগুলো ব্যবহার করছে। যেহেতু সিলেট গ্যাস ফিল্ডস একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেহেতু এখান থেকে পেট্রোল ক্রয় করলে সরকার লাভবান হবে।
তারা অভিমত রাখেন, প্রয়োজনে বিএসটিআইয়ের মানের পেট্রোল উৎপাদনের জন্য সিলেট গ্যাস ফিল্ডসকে বাস্তবসম্মত প্রয়োজনীয় সময় দেওয়া উচিত। বিপিসি পেট্রোল ক্রয় না করলে রিফানারিগুলোর কাঁচামাল ও উৎপাদিত পণ্য পরিবহণ কাজে নিয়োজিত হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বেন। ট্যাংকলরি মালিকদেরও অপূরণীয় আর্থিক ক্ষতি হবে।