সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সার্বিক তত্ত্বাবধানে সিসিকের নীতিমালা চূড়ান্ত

প্রকাশিত March 11, 2023
সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সার্বিক তত্ত্বাবধানে সিসিকের নীতিমালা চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক : সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সার্বিক তত্ত্বাবধানে সিলেট সিটি করপোরেশনের নীতিমালা চূড়ান্ত করা হয়েছে।
শুক্রবার সকালে নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় ৯টি শর্ত সম্বলিত এই নীতিমালা চূড়ান্ত করা হয়।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার মো আজবাহার আলী শেখ ও সিলেট কেন্দ্রীয় শহিদমিনার নির্মাণের অন্যতম উদ্যোক্তা বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন চৌধুরী সহ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, মুক্তিযুদ্ধ অনুশীলনের প্রধান পরিচালক আল আজাদ, গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি মো আরিফ মিয়া, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি সিকন্দর আলী, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের পরিচালক অনুপ কুমার দেব, অর্ধেন্দু দাশ, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, সাংস্কৃতিক সংগঠক আমিরুল ইসলাম চৌধুরী বাবু, বিভাস শ্যাম যাদন, শামসুল বাসিত শেরো, মো আব্দুল কাইয়ূম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ প্রমুখ। এছাড়াও সিসিকের নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, মেয়রের একান্ত সহকারী সচিব সোহেল আহমদ, সহকারী প্রকৌশলী এ বি এম মহসিন উদ্দিন ও জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ উপস্থিত ছিলেন।
নীতিমালার শর্তগুলো হলো : ০১. সিলেট মহানগরীর চৌহাট্টায় অবস্থিত সিলেট কেন্দ্রীয় শহিদমিনার সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের সামগ্রিক দায়িত্ব সিলেট সিটি করপোরেশন পালন করবে। এখানে কর্মচারী নিয়োগ, বরখাস্ত, কর্মচারীদের বেতন-ভাতা প্রদান ও শৃঙ্খলা সংক্রান্ত যাবতীয় বিষয়াদি সিসিকের দ্বারা পরিচালিত হবে।
০২. সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ তথা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সাংস্কৃতিক-রাজনৈতিক কার্যক্রম যাতে নির্বিঘ্নে ও যথোপযুক্তভাবে অনুষ্ঠিত হতে পারে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ তা নিশ্চিত করবে। মুক্তিযুদ্ধের চেতনা কিংবা শহিদমিনারের মৌল ধারণার সঙ্গে সাংঘর্ষিক কোনো সাম্প্রদায়িক কার্যক্রম যাতে না হয় সে বিষয়ে সিসিক সদা সতর্ক ও যত্নবান থাকবে।
০৩. বইমেলা ছাড়া অন্য কোনো বাণিজ্যিক কার্যক্রম সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে করা যাবে না।
০৪. সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে কোনো অনুষ্ঠান বা যেকোনো কার্যক্রম আয়োজনের ক্ষেত্রে সিসিকের পূর্বানুমতি প্রয়োজন হবে। অনুমতি দেওয়ার ক্ষেত্রে ২ ও ৩ নম্বর দফায় বর্ণিত শর্তসমূহ নিষ্ঠার সঙ্গে বিবেচনা করতে হবে। এছাড়া ধর্মভিত্তিক কোনো সংগঠনকে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।
০৫. অমর একুশে ফেব্রুয়ারি, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণসহ অপরাপর অনুষ্ঠানসমূহ সঞ্চালনা সম্মিলিত নাট্য পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট এ যাবৎ চলে আসা নিয়ম অনুযায়ী করবে। তবে ভবিষ্যতে এ সমস্ত সংগঠনের কোনো একটি বা উভয়টি অস্থিত্বহীন হয়ে পড়লে কিংবা দায়িত্ব পালনে অক্ষমতা প্রকাশ করলে তখন ক্রিয়াশীল সংস্কৃতি ও নাট্যকর্মীগণ ঐকমত্যের ভিত্তিতে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবেন।
০৬. সিলেট কেন্দ্রীয় শহিদমিনার বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দের নামফলক বর্তমানে যেভাবে আছে সেভাবে সংরক্ষণ করা হবে। এখানে কোনো সংযোজন বা বিয়োজন করা যাবে না। পুনঃনির্মাণ, সংস্কার, সৌন্দর্য বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রে নামফলক সাময়িকভাবে সরানোর প্রয়োজন হলে তাতে লিখিত সকল নাম অবিকৃতভাবে ও হুবহু ক্রমানুসারে তা পুনঃস্থাপন করতে হবে।
০৭. বিভিন্ন জাতীয় দিবসে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের ক্ষেত্রে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার বাস্তবায়ন পরিষদের পক্ষে শ্রদ্ধা নিবেদনের যে নিয়ম চলে আসছে তা স্থগিত করা হলো। এখন থেকে বাস্তবায়ন পরিষদের নামে কোনো শ্রদ্ধা নিবেদন করা হবে না।
০৮. শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে প্রথমে জাতির শ্রেষ্ঠসন্তান বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর রাষ্ট্রীয় ক্রম অর্থাৎ সাংবিধানিক পদবিন্যাস (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) অনুসারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
০৯. অনুষ্ঠানের অনুমতির ক্ষেত্রে আবেদনপত্রে অনুষ্ঠানের ধরন অবশ্যই সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।