সিলেট কেন্দ্রীয় কারাগারে জেলা প্রশাসকের খেজুর চারা রোপণ || শিশুদের স্বাস্থ্য-শিক্ষার নির্দেশনা

প্রকাশিত April 30, 2023
সিলেট কেন্দ্রীয় কারাগারে জেলা প্রশাসকের খেজুর চারা রোপণ || শিশুদের স্বাস্থ্য-শিক্ষার নির্দেশনা

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো মজিবর রহমান সিলেট কেন্দ্রীয় কারাগারে খেজুর গাছের ২০টি চারা রোপণ করেছেন।
রবিবার, ৩০ এপ্রিল কেন্দ্রীয় কারাগার পরিদর্শনকালে তিনি সেখানকার পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে ‘আজওয়া’ ও ‘মরিয়ম খেজুর চারা রোপণ করেন।
সিলেট কেন্দ্রীয় কারাগারে বর্তমানে মোট বন্দির সংখ্যা ২ হাজার ১৭৮ জন। পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন ওয়ার্ড ঘুরে কারাবন্দিদের সঙ্গে কথা বলেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং গরিব-অসহায় কারাবন্দিদের আইনি সহায়তা দিতে লিগাল এইডের ব্যবস্থা করতে প্রবেশন অফিসারকে নির্দেশনা দেন।
উল্লেখ্য, কারাবন্দিরা মুক্তির পর পুনরায় অপরাধের সঙ্গে যুক্ত না হয়ে যাতে বৈধভাবে রোজগার করে সংসারের হাল ধরতে পারেন সেই লক্ষ্যে তাদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে জেলা প্রশাসকের নির্দেশনায় কেন্দ্রীয় কারাগারে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। কয়েদীরা এখানে থাকাকালীন নিজেদের পছন্দমতো শীতলপাটি তৈরি, সেলাই, ব্লকবাটিক, পুঁতির কাজ, উলবুনন, মনিপুরী শাড়ি বুনন, বাঁশ ও বেতের কাজ, মোড়া ও ফুড কভার বানানো এবং বেকারিসহ মোট ১০টি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারছেন। কারাগারে উৎপাদিত সকল পণ্যের বিক্রয়লব্ধ লভ্যাংশ বন্দিদের মাঝে বিতরণ করা হয়। ফলে তারা বন্দিকালীন নিজেদের সক্ষমতা বৃদ্ধি ও অর্থ উপার্জনের বিশেষ সুযোগ লাভ করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সকল প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতি বিষয়ে খোঁজখবর নেন ও নিজেদের কারিগরি দক্ষতা বাড়াতে কয়েদীদের উৎসাহ দেন।
এরপর তিনি কারাগারে বন্দি মায়েদের সঙ্গে থাকা শিশুদের সঙ্গে কথা বলেন ও তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
শিশুদের সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে কারা হাসপাতালের ডাক্তারকে এবং কারাগারে শিশুদের শিক্ষার সুযোগ অব্যাহত রাখতে প্রবেশন অফিসারকে নির্দেশনা প্রদান দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল হাসান, প্রবেশন অফিসার, সিনিয়র জেল সুপার ও কারা হাসপাতালের ডাক্তার। তথ্য বিবরণী