বিশেষ প্রতিবেদক : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবি ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়-হকৃবি সহ দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর/৯ কার্তিক) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সিকৃবিতে এবছর ৪ হাজার ২১০ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১৬৫ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ৫১.৪৩ শতাংশ।
পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেন, সিকৃবির উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম।
এছাড়া পরীক্ষা শেষে তিনি ভর্তি পরীক্ষা ২০২৩-২০২৪ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয় পরিবারের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অন্যদিকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জ সদরের ভাদৈ এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত পরীক্ষায় মোট ১০৫১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৫১৯ জন। উপস্থিতির শতকরা হার ৪৯.৩৮।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।
তিনি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, এবছর দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৭১৮ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭০ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০ জন ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে বলে সিকৃবির শিক্ষা শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম রসুল জানিয়েছেন।
ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৩০ অক্টোবর প্রকাশিত হবে।
উল্লেখ্য, এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়।