নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশী বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ ফ্রি ডায়ালাইসিস ফাউন্ডেশন ও ব্র্যাক ব্যাংক পিএলসি সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালে কিডনি রোগীদের ফ্রি ডায়ালাইসিস ও অক্সিজেন প্ল্যান্টের জন্যে ২ কোটি ৬০ লাখ টাকা সহায়তা দিচ্ছে।
এই সহায়তায় ৮০ লাখ টাকা দিবে স্যার ফজলে হাসান আবেদ ফ্রি ডায়ালাইসিস ফাউন্ডেশন, যা দিয়ে সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের স্যার আবেদ হাসান ডায়ালাইসিস সেন্টারে কিডনি রোগীদের ফ্রি ডায়ালাইসি করা হবে।
অবশিষ্ট ১ কোটি ৮০ লাখ টাকা দিবে ব্র্যাক ব্যাংক পিএলসি। এই টাকা দিয়ে সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানো হবে।
এ ব্যাপারে বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর (২১ ভাদ্র) দুপুরে মহানগরীর তেমুখি এলাকায় সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক সই হয়।
স্যার ফজলে হাসান আবেদ ফ্রি ডায়ালাইসিস ফাউন্ডেশন ও ব্র্যাক ব্যাংক পিএলসির পক্ষে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহিয়ার এম হাসান ও সিলেট কিডনি ফাউন্ডেশনের সেক্রেটারি অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুস সালাম বীরপ্রতীক সমঝোতা স্মারণে সই করেন।
এসময় অন্যদের মধ্যে সিলেট কিডনি ফাউন্ডেশনের ট্রেজারার ও হাসপাতালের ভূমিদাতা জুবায়ের আহমদ চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।